ফেনীতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গত রবি ও সোমবার ফেনীতে বিশ্ব শিশু দিবস, কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়।
রোববার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এ টি এম কামরান হাসান।
সোমবার কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন, গান, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। শেষে শিশু একাডেমীর শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।