ফেনীতে ব্যবসায়ী নিখোঁজ
ফেনীতে সাত দিন ধরে মহিউদ্দিন ওরফে টিটু (৩০) নামে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবারের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর মা আছিয়া খাতুন বাদী হয়ে ৭ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৯ সেপ্টেম্বর তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন:খাদেমুল ইসলাম, তাজুল ইসলাম ও দেলোয়ার হোসেন। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। ৪ সেপ্টেম্বর রাত ১০টার পর থেকে ব্যবসায়ী মহিউদ্দিন টিটু নিখোঁজ রয়েছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার আজম নগর গ্রামের বশির আহম্মদ ভূঁঞার ছেলে মহিউদ্দিন ওরফে টিটু (৩০) কয়েক বছর ধরে ফেনী শহরের পাঠানবাড়ি সড়কের তহুরা ম্যানশনে পরিবারসহ ভাড়া বাসায় থেকে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। ব্যবসায়িক কারণে মধুপুর গ্রামের পতিবাড়ির জাফর উদ্দিন নামে এক ব্যবসায়ীর কাছে নয় লাখ টাকা পেতেন। জাফর উদ্দিন এই দেনার কথা লিখিতভাবে স্বীকার করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে জাফর উদ্দিন ওই স্ট্যাম্পটি ফেরত পাওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করেন। মহিউদ্দিন টিটু নিখোঁজ হওয়ার পর পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। এদিকে পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠিয়েছে। টিটুর মায়ের মামলা দায়েরের পর থেকে জাফর উদ্দিন পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নিখোঁজ ব্যবসায়ী মহিউদ্দিন ৪ সেপ্টেম্বর রাতে ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে বন্ধুদের নিয়ে হাউজি খেলার পর এক বন্ধুর গাড়িতে করে শহরের দিকে আসেন। ওই বন্ধু পুলিশের কাছে তাঁর গাড়িতে করে টিটুকে কলেজ রোডের পেট্রল পাম্পের সামনে নামিয়ে দেওয়ার কথা স্বীকার করেন।