ফেনীতে ভারতীয় শিল্পীরা মুগ্ধ করলেন শ্রোতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলসংগীত পরিবেশন করেন শিল্পী কণিকা মজুমদার
নজরুলসংগীত পরিবেশন করেন শিল্পী কণিকা মজুমদার

ফেনীতে প্রথমবারের মতো নজরুলসংগীত সম্মেলনে গান গাইলেন ভারতীয় শিল্পীরা। গত ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নজরুল একাডেমির আয়োজনে ফেনী শিল্পকলা একাডেমীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভারত ও বাংলাদেশের সংস্কৃতি বিনিময়ের অংশ হিসেবে ভারতের শিল্পীরা এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক ও নজরুল একাডেমি ঢাকার সাধারণ সম্পাদক মিন্টু রহমান।
জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করবে।
ফেনীর সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুহীউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের কলকাতার সংগঠন অগ্নিবীণার সম্পাদক রবিন মুখোপাধ্যায়, সংগীতশিল্পী শংকর ঘোষাল ও কণিকা মজুমদার, নজরুল একাডেমি ফেনীর সভাপতি ফখরুদ্দীন আলী আহাম্মেদ প্রমুখ।
ফেনীতে এত সংগীতপ্রেমী মানুষ দেখে নিজেদের মুগ্ধতার কথা জানান অতিথি শিল্পীরা।
অনুষ্ঠানে শংকর ঘোষাল গেয়ে শোনান ‘উচাটন মন ঘরে রয় না’ ও ‘এসো এসো পাহাড়ি ঝরনা’সহ বেশ কয়েকটি গান।
শ্রোতাদের হৃদয়ে নাড়া নিয়েছেন শিল্পী কণিকা মজুমদারও। তিনি গাইলেন ‘যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম’ ও ‘সৃজন ছন্দে-আনন্দে’। সম্মেলনের শুরুতে ফেনী নজরুল একাডেমির শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী’। নজরুলের সংকলিত কবিতা আবৃত্তি করেন এম এফ রহমান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শৈবাল দত্ত, বনানী দে, মঞ্জুষা চক্রবর্তী, জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়, শেখ সওগাত আলী, মিতালি বন্দ্যোপাধ্যায়, কমলিকা চট্টোপাধ্যায়, সুমিতা বিশ্বাস, রেবা বন্দ্যোপাধ্যায়, দিলাসা চৌধুরী, সুমিতা ভৌমিক ও সুচিত্রা ঘোষ।