ফেনীতে ভূমিহীনদের মাঝে সরকারি খাসজমি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলা পরিষদ ১৩ ডিসেম্বর সোমবার উপজেলার ৮৩ জন ভূমিহীনকে সরকারি খাসজমি দিয়েছে।সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ভূমিহীনদের পক্ষ থেকে সরকারি খাসজমির জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক নানা প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১০২ জন ভূমিহীন কৃষককে খাসজমি বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের মধ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে ৮৬ জন ভূমিহীন কৃষকের হাতে জমির কবুলিয়াত দলিল নিবন্ধনের (রেজিস্ট্রেশন) রসিদ তুলে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনকে কিছুদিন পর জমির কবুলিয়াত দলিল দেওয়া হবে। এসব ভূমিহীন কৃষক ২০ শতক থেকে এক একর পর্যন্ত কৃষিজমি পেয়েছেন।ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম শওকত ইকবাল শাহীন। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী।জমি পাওয়া কৃষক শাহ আলম, আনোয়ার হোসেন ও দেল আফরোজ বেগম খুব খুশি হয়েছেন। তাঁরা জানান, এত দিন অন্যের জমিতে তাঁদের চাষাবাদ করে খেতে হতো। এখন তাঁরা নিজেদের জমিতে ফসল উৎপাদন করবেন।