ফেনীতে ভোটার বেড়েছে ৭৭ হাজার
ফেনী জেলার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ভোটার সংখ্যা বেড়েছে ৭৭ হাজার ২৭৭ জন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, হালনাগাদ করার পর ভোটারসংখ্যা দাঁড়িয়েছে মোট আট লাখ ৯৪ হাজার ৩৭৭ জন। এর আগে জেলায় ভোটার সংখ্যা ছিল আট লাখ ১৭ হাজার ১০০ জন। ফেনী সদর উপজেলায় ২৫ হাজার ৯৫ জন, সোনাগাজী উপজেলায় ১৪ হাজার ৬০৭ জন, দাগনভূঞা উপজেলায় ১৩ হাজার ৩৬৬ জন, ছাগলনাইয়া উপজেলায় ১১ হাজার ৬৬৬ জন, ফুলগাজী উপজেলায় সাত হাজার ৩৭০ জন এবং পরশুরাম উপজেলায় পাঁচ হাজার ১৭৩ জন ভোটার বেড়েছে।জেলায় দ্বৈত ভোটার এক হাজার ১৮ জন: নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ফেনী জেলায় এক হাজার ১৮ জন দ্বৈত ভোটার চিহ্নিত করেছে। তাঁদের তালিকা উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠানোর পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাধ্যমে প্রত্যেক দ্বৈত ভোটারকে অবহিত করা হয়েছে এবং কারণ জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে জেলার ছয়টি উপজেলায় ৩২৫ জন নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে নিজেদের ভুল স্বীকার করেন। কিন্তু নোটিশ দিয়েও বেশির ভাগের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ ফেনী জেলায় ৭৭ হাজার ২৭৭ জন নতুন ভোটার বৃদ্ধি এবং জেলায় এক হাজার ১৮ জন দ্বৈত ভোটার শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।