
‘মাদককে না বলুন, সমাজকে রক্ষা করুন’ স্লোগানে গত ২৭ মে ফেনীতে মাদকবিরোধী কনসার্টের আয়োজন করা হয়। শিল্পী মিলা ও বাপ্পি গানে গানে মাতিয়ে তোলেন দর্শকদের। একফাঁকে হাজারো তরুণ হাত তুলে মাদককে না বলেন।
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী সংযোগ সড়কের পাশে মহিপাল সরকারি কলেজ মাঠে মহিপাল একতা সংসদ এই কনসার্টের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
আয়োজনের শুরুতে মঞ্চ মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। মঞ্চে উঠেই গান ধরলেন, ‘তুমি কি সাড়া দেবে’। এই গানের সঙ্গে গলা মিলিয়ে আনন্দে-উচ্ছ্বাসে মেতে ওঠেন তরুণ-তরুণীরা।
শিল্পী মিলা পরপর গাইলেন ‘বাবুরাম সাপুড়ে’, ‘ডিসকো ড্যান্সার’সহ বেশ কিছু গান। সংগীতের সুরে দর্শককে মুগ্ধ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা বাপ্পিও।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, পৌর মেয়র আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহিপাল সরকারি কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, ফেনী পৌরসভার কাউন্সিলর ফেরদৌস আরা বেগম, বেগম আমেনা মজুমদার, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, মার্কেন্টাইল ব্যাংকের রাজাপুর শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন, প্রাণ ট্যাংগোর ব্র্যান্ড ম্যানেজার আল আমিন সিকদার ও প্রাণ ওয়ান্ডার কেকের ব্র্যান্ড ম্যানেজার মোজাহেদুল ইসলাম।
জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, ‘মাদক সমাজকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে। মাদককে সবাই না বলব। তবেই আধুনিক, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে উঠতে পারবে যুব সমাজ।’