ফেনীতে মাদকবিরোধী প্রচারণা ও অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে জানুয়ারি মাসকে মাদকবিরোধী মাস হিসেবে ঘোষণা দিয়ে প্রচারণায় নেমেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চলছে মাদকবিরোধী অভিযানও। ৭ জানুয়ারি মাদকবিরোধী শোভাযাত্রা, আলোচনা সভা ও গণসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে গণসচেতনতা গড়ে তুলতে শহরের মিজান রোড থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জালালুর রহমান। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা অংশ নেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবীর খোন্দকার। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ মাসব্যাপী কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।