ফেনীতে মেরাজ ফকিরের মা মঞ্চস্থ
জন্মের ৩৯ বছর পর মেরাজ ফকির জানতে পারে মায়ের ধর্ম আর তার ধর্ম এক নয়। কিন্তু ধর্মীয় ব্যবধান কি মা–ছেলের সম্পর্কে ফাটল ধরাতে পারে? মা ও সন্তানের চিরকালীন সম্পর্ক নিয়ে রচিত আবদুল্লাহ আল মামুনের নাটক মেরাজ ফকিরের মা মঞ্চস্থ হলো ফেনীতে। ফেনীর শিল্পকলা একাডেমীর মঞ্চে নাটকটি মঞ্চায়ন করে সংলাপ নাট্যগোষ্ঠী। ঐতিহ্যবাহী নাট্যদলটির ৩৫ বছর পূর্তি উপলক্ষে ২০ ও ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী মঞ্চস্থ হয় এই নাটক।
জাহিদ হোসেনের নির্দেশনায় নাটকে অভিনয় করেন আলো চৌধুরী, দৌলত আরা, সুসেন নাগ, ফারজানা আক্তার, কিশান মোশারফ, নারায়ণ নাগ, জাহিদ হোসেন প্রমুখ। আবহ সংগীতে ছিলেন রাজেশ মজুমদার। নাটকের সার্বিক তত্ত্বাবধান করেন আকরামুজ্জমান।
নাটক দেখতে আসা মো. রাসেল বলেন, দীর্ঘদিন পর ফেনীর মঞ্চে এমন একটি নাটক দেখতে পেরে দর্শকেরা আনন্দ পেয়েছে। এ ধরনের আরও নাটক মঞ্চায়নের জন্য নাটকের দলগুলো উদ্যোগ নিতে পারে।
সংলাপ নাট্যদলের সদস্যসচিব নারায়ণ নাগ বলেন, সংলাপ ফেনীর পুরোনো একটি নাটকের দল। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত ফেনীর প্রথম সংগঠন। দীর্ঘ ৩৫ বছরে এ সংগঠনটি ২২টিরও বেশি নাটকের শতাধিক মঞ্চায়ন করেছেন। ভবিষ্যতে আরও নতুন নাটক মঞ্চস্থ করার উদ্যোগ নেবে।