ফেনীতে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ মে সন্ধ্যায় ফেনীতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। বক্তব্য দেন ফেনী ১৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক গাজী মো. সালাহ উদ্দিন, ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জ্যেষ্ঠ আইনজীবী আকরামুজ্জমান প্রমুখ। সভা শেষে রাশেদ মাজাহার ও জেবিন শারমিনের সঞ্চালনায় রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা পড়েন মনজুর তাজিম, ইকবাল চৌধুরী ও উত্তম কুমার দেবনাথ। ফেনীর আর্য সাংস্কৃতিককেন্দ্র, পূবালী সাংস্কৃতিককেন্দ্র, অনুরণন আবৃত্তিচর্চাকেন্দ্র, আবৃত্তি সংসদ, নজরুল একাডেমি, সংগীত শিক্ষার্থী সম্মিলন ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত। নৃত্য পরিবেশন করে পায়রা শিশু-কিশোর সংগঠনের খুদে শিল্পীরা।