ফেনীতে শতাধিক টিয়া পাখি উদ্ধার
ফেনী সদরের মহিপাল থেকে শতাধিক টিয়া পাখি উদ্ধার করেছে সামাজিক বন বিভাগ। ২৬ সেপ্টেম্বর মহিপাল সার্কিট হাউস সড়কের একটি বস্তির ঝুপড়িঘরে অভিযান চালিয়ে এসব টিয়া পাখি উদ্ধার করা হয়। পাখিগুলো অবমুক্তের জন্য গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সামাজিক বন বিভাগের একটি বিশেষ টহল দল মহিপাল সার্কিট হাউস সড়কের বস্তি এলাকার একটি ঝুপড়িঘরে অভিযান চালায়। এ সময় ওই ঘরে প্রচুর টিয়া পাখি একাধিক খাঁচায় বন্দী অবস্থায় দেখতে পান বন কর্মকর্তারা। কর্মকর্তাদের দেখে বাসার ভাড়াটে ও পাখির মালিক পালিয়ে যান।
বন কর্মকর্তারা জানান, সাধারণত ফেনীর পরশুরাম ও ফুলগাজী অঞ্চলের ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় বিশেষ ধরনের ফাঁদ পেতে অবৈধভাবে এসব পাখি ধরা হয়। অনেকে শখের বশে এসব পাখি কিনে বাড়িতে নিয়ে যান। ফেনীর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা গোলাম মওলা পাখি উদ্ধার ও সেগুলো অবমুক্তের জন্য গাজীপুর পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।