ফেনীতে শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ
ফেনী সদর উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বালিগাঁও বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়। এরপর এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউছুপ, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রবীর কুমার, বালিগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুন্দরপুর এস আর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের জন্য একটি ল্যাপটপ কম্পিউটার প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়।