ফেনীতে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি
ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমীর আয়োজনে ১৮ অক্টোবর সকালে শহরের ট্রাংক রোডে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিশুদের রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। সভা শেষে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ছাড়া জেলার সোনাগাজী ও পরশুরামে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদ্যাপিত হয়।