মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সারওয়ার সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার ফেনীতে কর্মরত সাংবাদিকেরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে।ফেনী ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শ্রেণী-পেশার কর্মকর্তারা একাত্মতা প্রকাশ করেন।সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনশন কর্মসূচি শেষে বিকেলে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা সাংবাদিকদের কোমল পানীয় দিয়ে অনশন ভঙ্গ করান।কর্মসূচি চলাকালে ফেনী প্রেসক্লাবের সভাপতি নূরুল করিম মজুমদারের সভাপতিত্বে সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মদ, ফেনী-২ আসনের বিএনপি দলীয় সাংসদ জয়নাল আবেদীন, ফেনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টির আলাউদ্দিন, সিপিবির মহিবুল হক, জামায়াতের এ কে এম নাজিম ওসমানি, মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, শিক্ষক সমিতির সভাপতি ডি এম একরামুল হক, সাংবাদিক আবু তাহের, বখতেয়ার ইসলাম, রবিউল হক, রফিকুল ইসলাম, সত্যজিৎ দাশ, শেখ কামাল. মো. আলমগীর, ফুলগাজীর জাহাঙ্গীর আলম, আবু ইউসুফ, মাখজাম হায়দার প্রমুখ।