ফেনীতে সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ২৩ জুন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আমিন উল আহসান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া সাত ইউপি চেয়ারম্যান হলেন ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের করিম উল্যাহ, ফরহাদ নগরের মোশাররফ হোসেন, লেমুয়ার মোশারফ হোসেন, ধলিয়ার আনোয়ার আহম্মদ, ছাগলনাইয়া উপজেলার রাধানগরের মাহবুবুর রহমান চৌধুরী, শুভপুরের মো. আবদুল্লাহ সেলিম ও মহামায়ার গরীব শাহ।
এ ছাড়া একই দিন ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৮ জন এবং ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৬ জন ইউপি সদস্যকে শপথবাক্য পাঠ করান স্ব–স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছাগলনাইয়া উপজেলায় শপথ অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী-১ আসনের (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সাংসদ শিরীন আখতার।