ফেনীতে সামাজিক পঞ্চায়েত কমিটির ৫০তম বর্ষপূর্তি
ফেনী শহরের সামাজিক পঞ্চায়েত কমিটির ৫০তম বর্ষপূর্তি উৎসব গত রোববার পালিত হয়েছে। এ উপলক্ষে ওই দিন সন্ধ্যায় শহরের শান্তি কোম্পানি সড়কের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি কোম্পানি সড়ক, পাঠানবাড়ী সড়ক, মনির উদ্দিন দারোগা সড়ক ও হাজি বাদশা মিয়া সড়কসংলগ্ন এলাকা নিয়ে গঠিত সামাজিক পঞ্চায়েত কমিটির এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। ৫০তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। বক্তব্য দেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মজুমদার, কে বি এম জাহাঙ্গীর আলম, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক ভূঁঞা ওরফে বেলাল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবল হক, সাবেক কমিশনার আবুল কাশেম, সাংবাদিক আবু তাহের, জহির উদ্দিন খান, মাকসুদুর রহমান, মামুনুর রশিদ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সামাজিক পঞ্চায়েত একটানা ৫০ বছর এলাকার ঐক্য, শৃঙ্খলা ও শান্তির পক্ষে একযোগে কাজ করছে, এজন্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট এলাকার জনগণ প্রশংসার দাবিদার। সমাবেশে আগামী দিনে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ইভ টিজিং ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।