ফেনীতে সিপিবির সম্মেলন
ফেনীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সম্মেলনে মৌলিক অধিকার বঞ্চিত শ্রমিক, কৃষক, খেতমজুরসহ শ্রমজীবী ও নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সামগ্রিক মুক্তির লক্ষ্যে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ঘোষণা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শহরের মিজান সড়কের ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ফয়েজুল হককে সভাপতি ও মহিবুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সিপিবি ফেনী জেলা কমিটি গঠন করা হয়।সকালে ফয়েজুল হকের সভাপতিত্বে ও মুহিবুল হক চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শহীদুল্যাহ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সংগঠক আবু তাহের বকুল ও সাবেক জেলা সভাপতি জিয়াউদ্দিন আহম্মেদ, বিমল শীল, চাঁদপুর জেলা সম্পাদক জাকির হোসেন মিয়াজী, বাসদ নেতা হারাধন চক্রবর্তী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্যাহ চৌধুরী বলেন, বিগত জোট সরকার এবং বর্তমান মহাজোট সরকার দেশের সম্পদ বহুজাতিক কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া ও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা ছাড়া আর কিছুই দেশের জনগণকে উপহার দিতে পারেনি। ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।