ফেনীতে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মেদ চৌধুরী বলেছেন, একজন সত্যিকারের দেশপ্রেমিকই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন। তাই আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা প্রয়োজন। এ জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
৭ মার্চ ফেনীর পশ্চিম ডাক্তারপাড়ায় শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পশ্চিম ডাক্তারপাড়া সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন নাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক ভূঞা ও প্রেসক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম। বক্তব্য দেন নুরুল আমীন, এ এস এম ওয়ালি উল্লাহ, মোয়াজ্জেম হোসেন ভূঞা প্রমুখ।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের নিয়োজিত করতে হবে; পাশাপাশি থাকতে হবে দেশের প্রতি ভালোবাসা। তাহলেই আগামী প্রজন্ম সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে।
প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন এবং ২০১২ ও ২০১৩ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।