ফেনীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়নি ১৭ দিনেও
হত্যাকাণ্ডের ১৭ দিন পরও মামলার চার আসামি গ্রেপ্তার হয়নি। ফলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। অন্যদিকে পুলিশ বলছে, আসামিদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আপন ভায়রার ছেলের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩১ ডিসেম্বর রাতে মেয়ের বাবা আবুল কালামকে নির্মমভাবে হত্যা করা হয়। ফেনীর দাগনভূঁঞা উপজেলার সেকান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।কালামের স্ত্রী রহিমা আক্তার জানান, রমজান মাসের কিছু দিন আগে ছুটিতে বাড়িতে আসেন কালাম। হত্যাকাণ্ডের দুদিন পরই আবুল কালামের সৌদি আরবে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসীরা তাঁকে আর বাঁচতে দেয়নি।অভিযোগে জানা যায়, নিহত আবুল কালামের আপন ভায়রা দাগনভূঁঞা সদর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের অধিবাসী বালাকাত উল্লার ছেলে কামাল উদ্দিন ও তাঁদের পরিবারের পক্ষ থেকে বেশ কিছুদিন থেকে আবুল কালামের একমাত্র মেয়েকে কামালের সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছিল। কিন্তু মেয়েপক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ ঘটনায় কামাল উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অবশ্যই তৎপর রয়েছে। কিন্তু আসামিরা এলাকাছাড়া। তবে তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।