ফেনীতে ১০ মাসেও জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে সাত সদস্যের একটি খুদে কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি প্রায় ১০ মাস আগে। কিন্তু যাঁদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছিল, তা তাঁদেরই পছন্দ হয়নি। সাত সদস্যের কমিটির মধ্যে একপক্ষে ছিলেন সভাপতিসহ চারজন এবং অপরপক্ষে সাধারণ সম্পাদকসহ তিনজন। শুরু থেকেই সৃষ্ট দ্বিধাবিভক্তির রেশ চলছে এখনো। কমিটি বাতিলের দাবিতে বারবার সমাবেশ, পাল্টা সমাবেশ, মিছিল ও মানববন্ধন হয়েছে। কিন্তু ১০ মাসেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এ অবস্থায় ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, ফেনী জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল ২০০৩ সালের শুরুতে। দুই বছরের জন্য গঠিত কমিটি বহাল থাকে আট বছর। ওই কমিটি নানা কারণে স্থবির হয়ে পড়ে। এর মধ্যে অনেকের ছাত্রত্ব চলে যায়, অনেকে বিয়ে করে সংসারজীবন শুরু করেন। আবার অনেকেই জড়িয়ে পড়েন ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে। এ অবস্থায় নিষ্ক্রিয় সংগঠনকে সক্রিয় করার লক্ষ্যে গত বছরের ফেব্রুয়ারিতে এক প্রতিনিধি সভায় নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য গোপন ভোটাভুটি অনুষ্ঠিত হয়। কিন্তু এতে উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতারা ভোটের ফলাফল ফেনীতে ঘোষণা না করে ঢাকায় চলে যান। প্রায় দুই মাস পর গত বছরের এপ্রিলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদসহ সাত সদস্যের একটি খুদে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে আমান উদ্দিন কায়সারকে সভাপতি, মেজবাহ উদ্দিনকে সহসভাপতি, নঈম উল্লাহ চৌধুরী ওরফে বরাতকে সাধারণ সম্পাদক, সৈয়দ আলম ভূঁঞা ও হুমায়ুন কবির ওরফে বাদলকে যুগ্ম সম্পাদক, এ এস এম কায়সার ওরফে অ্যালিনকে সাংগঠনিক সম্পাদক ও সালাহ উদ্দিন মামুনকে প্রচার সম্পাদক করা হয়। এ কমিটি ঘোষণার পরই সভাপতির নেতৃত্বে চারজন একপক্ষে এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিনজন অন্যপক্ষে অবস্থান নেন। এ সাতজনের মধ্যে পাঁচজনের ছাত্রত্ব বহু আগেই শেষ হয়ে গেছে। কমিটির চারজন বিবাহিত। কমিটি ঘোষণার পরপর সভাপতির সমর্থকেরা কমিটি বাতিলের দাবিতে বারবার প্রতিবাদ, সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কিন্তু কোনো ফল হয়নি। একপর্যায়ে সংশ্লিষ্ট নেতারা হতাশ হয়ে পড়েন এবং কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বর্তমানে ওই কমিটির কোনো সাংগঠনিক কাজ নেই বললেই চলে।গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফেনী পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদের দাবিদার দুই প্রার্থীর পক্ষে-বিপক্ষেও অবস্থান নেয় ছাত্রদলের বিবদমান দুই উপদল (গ্রুপ)। জেলা ছাত্রদলের ছায়া পড়ে সব উপজেলায়। ২০০৩ সালের গোড়ার দিকে গঠিত মেয়াদোত্তীর্ণ সব কমিটিও স্থবির হয়ে পড়েছে। ফেনী সদর উপজেলা ও পৌর কমিটি এবং সোনাগাজী ও দাগনভূঁঞা কমিটি জেলা সভাপতির পক্ষে অবস্থান নিয়েছে। অপরদিকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা কমিটি সাধারণ সম্পাদকের পক্ষে অবস্থান নেয়। ফেনী সদর ও ফেনী পৌর কমিটির সভাপতি-সম্পাদকও বিবাহিত ও অনেকের ছাত্রত্ব নেই। ফেনী সদর উপজেলা সম্পাদক আবুল খায়ের নিজেই বিবাহিত ও ছাত্রত্ব নেই স্বীকার করে প্রথম আলোকে জানান, বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি ফেনী জেলা বিএনপির সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বলেন, ‘কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। সে হিসেবে আমরা কাজ করছি। যাঁরা সংগঠনের কাজে থাকবেন না তাঁরা আপনা-আপনি বাদ পড়ে যাবেন।’ জেলা ছাত্রদলের সভাপতি আমান উদ্দিন কায়সার বলেন, ‘আমরা আগের অবস্থানে আছি। যাঁদের বাদ দেওয়ার জন্য বারবার দাবি জানানো হয়েছে তাঁদের নিয়ে একসঙ্গে কাজ করা যাবে না। কিন্তু জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচিতে তাঁদেরও ডাকে, সেজন্য আমরা ইদানীং বিএনপির কোনো কর্মসূচিতেও অংশ নিচ্ছি না।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ওরফে মিস্টার জানান, ‘জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর যাঁরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন তাঁদের সম্পর্কে কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কী ব্যবস্থা নেওয়া হবে তা কেন্দ্রীয় কমিটিই ঠিক করবে। স্থানীয়ভাবে কারও কিছ করার নেই।’