ফেনীতে ১৩৯টি পশুর হাট
ফেনীতে জমে উঠছে পশুর হাট। এ বছরও জেলার বিভিন্ন হাটে ভারত থেকে আমদানি করা গরু বেশি। পাশাপাশি দেশি গরুও বাজারে তোলা হয়েছে। তবে বিক্রেতারা জানালেন, হাট পুরোপুরি জমে উঠতে আরও কয়েক দিন লাগবে। জানা যায়, জেলায় বেশ কিছু স্থায়ী পশুর হাট থাকলেও ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে কিছু পশুর হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে এসব হাট ইজারা দেওয়া হয়েছে।জানা গেছে, জেলার পাঁচটি পৌরসভা ও ছয়টি উপজেলায় স্থায়ী-অস্থায়ী মোট ১৩৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ফেনী পৌরসভা ও ফেনী সদর উপজেলায় ৪১টি, দাগনভূঁঞা পৌরসভা ও উপজেলায় ২৯টি, সোনাগাজী পৌরসভা ও উপজেলায় ২৮টি, ছাগলনাইয়া পৌরসভা ও উপজেলায় ২১টি, পরশুরাম পৌরসভা ও উপজেলায় ১০টি এবং ফুলগাজী উপজেলায় ১০টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। জেলার বড় পশুর হাটগুলো হচ্ছে—পাঁচগাছিয়া বাজার, পৌরসভা চত্বর ও কলেজ রোড, সদর হাসপাতাল মোড় (সিও কার্যালয়), লেমুয়া বাজার, লস্করহাট বাজার, মোহাম্মদ আলী বাজার, নতুন রানীর হাট, ফাজিলপুর বাজার, খাইয়ারা বাজার, ধলিয়া বাজার, লক্ষ্মীয়ারা বাজার, বিরলী বাজার, সুন্দরপুর বাজার, আমিন উদ্দিন বাজার, গোবিন্দপুর হাজীর বাজার, কৃষ্ণ মজুমদার হাট, ছনুয়া বাজার, বক্তার মুন্সি বাজার, সোনাগাজী বাজার, আমিনউদ্দিন মুন্সি বাজার, নবাবপুর বাজার, কাজিরহাট, কেরামতিয়া বাজার, ওলমা বাজার, চর সোনাপুর বাজার, ছাগলনাইয়া জমদ্দার বাজার, মির্জার বাজার, বাংলা বাজার, শুভপুর বাজার, চাঁদগাজী বাজার, পাঠাননগর, মুহুরীগঞ্জ বাজার, করৈয়া বাজার, বক্স মাহমুদ বাজার, ফুলগাজী বাজার, মুন্সিরহাট বাজার, জিএম হাট, আমজাদ হাট, সুবার বাজার, ধনিকন্ডা বাজার, পরশুরাম বাজার, সালধর বাজার, দাগনভূঞার মাতুভূঞা বাজার, বেকের বাজার, তুলাতলী বাজার, ফাজিলের ঘাট বাজার, সিলোনীয়া বাজার, কোরাইশ মুন্সি বাজার, রাজাপুর বাজার, সিন্দুরপুর বজার, দরবেশের হাট, বৈরাগীর হাট, দুধমুখা বাজার। এ ছাড়াও বিভিন্ন এলাকায় স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও কিছু কোরবানির পশু বেচাকেনার হাট ইজারা দেওয়া হয়েছে। সোনাগাজীর গরু ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, এ বছর ট্রাক ভাড়া বেশি। ফলে ট্রাক ভাড়াসহ অন্যান্য খরচ মিলে দাম গত বছরের চেয়ে বেশি হতে পারে। তবে ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে।