ফেনীতে ১৬ পাকিস্তানি সেনা হত্যার ঘটনা সাড়া ফেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ২৭ মার্চ ফেনীতে দুটি পৃথক ঘটনায় ১৬ জন পাকিস্তানি সেনাকে পিটিয়ে হত্যার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হন। জানুয়ারির শুরু থেকে ফেনীর সচেতন ছাত্র-জনতা স্বাধীনতাসংগ্রাম আর মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। বিশেষ করে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা দ্রুত প্রশিক্ষণ নিতে শুরু করেন। ফেনী কলেজের ইউটিসির নকল গাদা বন্দুক দিয়ে কলেজ মাঠে, ডাক্তারপাড়ার তৎকালীন নির্বাচন অফিস ও পিটিআই মাঠে শুরু হয় প্রশিক্ষণ। প্রশিক্ষক হিসেবে খুঁজে বের করা হয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেল) সদস্যদের। ২৫ মার্চ সন্ধ্যায় একটি পাকিস্তানি সেনা কনভয় ফেনী হয়ে (বর্তমানে পুরাতন মহাসড়ক) শুভপুর দিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়। সেটিকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা চলেছিল ফেনীতে। শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ২৬ মার্চ সকালে ফেনীর সার্কেল অফিসার কার্যালয় (সিও অফিস)-এর একজন কর্মচারীর মাধ্যমে জানা যায়, একজন পাকিস্তানি সেনা ক্যাপ্টেনের নেতৃত্বে নয়জন সেনা সদস্য সিও অফিসেই অবস্থান করছেন। এক কান দুই কান হয়ে খবর রটে যায় সারা শহরে। স্বতঃস্ফূর্তভাবে মুক্তিকামী ছাত্র-জনতার স্রোত ধাবিত হয় সিও অফিসের দিকে। হাজার হাজার মানুষ দেখে পাকিস্তানি সেনাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। ইতিমধ্যে খবর পাওয়া যায়, ছাগলনাইয়ার শুভপুর সেতু রক্ষায় একজন হাবিলদারের নেতৃত্বে সাতজন পাকিস্তানি সেনা সেখানে মোতায়েন করা হয়েছে। এলাকার সাধারণ ছাত্র-জনতা সেই পাকিস্তানি সেনাদের ঘেরাও করেন। এ খবর পেয়ে পাকিস্তান থেকে ছুটিতে বাড়িতে আসা ক্যাপ্টেন আবদুল কাদের আর বসে থাকতে পারেননি। তিনি জয় বাংলা স্লোগান দিয়ে মানুষকে আরও উজ্জীবিত করেন। মূলত তাঁর নেতৃত্বেই শুভপুরে সাতজন পাকসেনাকে পিটিয়ে হত্যা করা হয়। ফেনী ও ছাগলনাইয়ার শুভপুরে পাকসেনাদের অত্যাধুনিক মেশিনগানের গুলি মোকাবেলা করার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে বন্দুক, এয়ারগান সংগ্রহ করা হয়। এ সময় দু-তিনটি রাইফেলও সংগ্রহ হয়ে যায়। এ নিয়ে সুরক্ষিত সিও অফিস ভবনে অবস্থিত পাকসেনাদের মোকাবেলা করা ছিল খুবই কঠিন কাজ। কিন্তু অসাধ্য সাধন করেছেন ফেনীর সাধারণ লোকজন। ফেনীর তৎকালীন নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) ও আওয়ামী লীগ নেতা খাজা আহম্মদ, শামছূল হুদা, আবদুল মালেক, শ্রমিকনেতা জয়নাল আবেদীনের অনুপ্রেরণায় অবসরপ্রাপ্ত ইপিআর সদস্য নুরুল ইসলাম, সেনাসদস্য আবু আহম্মদের নেতৃত্বে জনতা পাকবাহিনীর ঝাঁকে ঝাঁকে মেশিন গানের গুলি উপেক্ষা করে সারারাত জেগে সিও অফিস পাহারা দেয় যেন তারা পালাতে না পারে। ২৭ মার্চ সকালে হাজারো বিক্ষুব্ধ ছাত্র-জনতা সিও অফিস ঘেরাও করে পাকিস্তানি সেনাদের জীবিত ধরার চেষ্টা করে। এ পর্যায়ে সিও অফিস ভবনের চার পাশে আগুন দেওয়া হয়। ইতিমধ্যে পাকসেনাদের গোলাবারুদও ফুরিয়ে যায়। দুপুরে তারা আত্মসমর্পণ করার চেষ্টা করে। জনতা তাদের ক্ষমা করেনি। লাঠি দিয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে। তাতেই বোঝা যায় সাধারণ লোকজনের মধ্যে ক্ষোভের তীব্রতা কতখানি ছিল। ফেনী সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও তৎকালীন তরুণ আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বলেন, ফেনীর প্রথম যুদ্ধ সিও অফিসে পাকসেনাদের হত্যার ঘটনায় মুক্তিকামী লোকজনের মনোবল বেড়ে যায় শতগুণ। এরই ধারাবাহিকতায় ফেনীর ছাত্র-যুবকেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।সিও অফিসের কাছেই মজুমদারের বাড়ির বিরাজ মজুমদার প্রথম আলোকে ২৬-২৭ মার্চে সিও অফিসে নয়জন পাকসেনা হত্যার কাহিনি বর্ণনা করে বলেন, কত অচেনা লোক সে সময় দূর দূরান্ত থেকে খালি হাতে এসে পাকসেনাদের ঘেরাও করেছে সে কথা কোনো দিন ভুলবার নয়। সে সময় ওই সব লোকজনকে খাবার জন্য সামান্য একটু মুড়ি দিলে তাতেই তারা খুশি ছিল। তাঁদের বাড়িতে শত শত লোকজনকে এভাবে চিড়া-মুড়ি খাওয়ানো হয়েছিল। একই কায়দায় ২৭ মার্চ ছাগলনাইয়ার শুভপুর সেতু পাহারারত পাকসেনাদেরও ঘেরাও করে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন দুটি পৃথক ঘটনায় ১৬ জন পাকসেনার মৃত্যু হলে ফেনীর সাধারণ লোকজন উজ্জীবিত হয়ে উঠে।