ফেনীতেও আমনের বাম্পার ফলন
দেশের বিভিন্ন অঞ্চলের মতো এবার ফেনীতেও আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় লাভের মুখ দেখছেন কৃষকেরা।
জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা প্রত্যাশার চেয়ে বেশি ফলন পেয়েছেন বলে জানান। চলতি বছর কৃষি সম্প্রসারণ বিভাগ প্রতি হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল দুই দশমিক ৭২ মেট্রিক টন এবং দেশি জাতের ক্ষেত্রে এক দশমিক ৬০ মেট্রিক টন।
তবে কৃষকেরা জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় উৎপাদন লক্ষমাত্রার চেয়ে বেশি হবে। ফুলগাজীর পৈথারা গ্রামের কৃষক শফিকুর রহমান জানান, চলতি বছর মুন্সিরহাট বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। অথচ গত বছর এ সময় প্রতি মন ধানের দাম ৫০০ থেকে ৫২৫ টাকা ছিল। তখন অনেকের উৎপাদন খরচও ওঠেনি।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ চলতি মৌসুমে ৬৫ হাজার ৭৩২ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু আবাদ হয়েছে ৬৭ হাজার ৬৩৫ হেক্টর জমিতে। অর্থাৎ প্রায় দুই হাজার হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে। আর এ বছর জেলায় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক লাখ ৭০ হাজার ১৫ মেট্রিক টন। কৃষি বিভাগ আশা করছে বাম্পার ফলনের কারণে এবার চালের উৎপাদন লক্ষ্যামাত্রার চেয়ে অনেক বেশি হবে।