ফেনীর অধিকাংশ ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর অধিকাংশ তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসটি) অচল হয়ে পড়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের মতো ফেনী জেলায়ও প্রতিটি ইউনিয়ন পরিষদে (ইউপি) স্থানীয় জনগণের সুবিধার্থে এই কেন্দ্রগুলো চালু করা হয়। অদক্ষতাসহ নানা কারণে তথ্যসেবা কার্যক্রম স্থবির ও স্তিমিত হয়ে পড়েছে। ফলে, স্থানীয় জনগণ তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জেলার অনেক ইউনিয়নের লোকজন জানে না, তাদের এলাকায় সরকারিভাবে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যেন নিজ নিজ এলাকায় ওই সব কেন্দ্র থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় সেবা পেতে পারে।জেলা প্রশাসন সূত্র ও এলাকাবাসী জানায়, জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে (ইউপি) সরকার একটি করে তথ্য ও সেবাকেন্দ্র চালু করেছে। জেলার ছয়টি উপজেলায় মোট ৪৩টি ইউপির মধ্যে ২৩টি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট ২০টির মধ্যে পাঁচ-ছয়টি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র মোটামুটি সচল থাকলেও অন্যগুলোতে তেমন কোনো কাজ-কর্ম হয় না বললেই চলে। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র চালুর জন্য জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি ইউনিয়নে দুইজন করে কর্মী নিয়োগ করা হয়েছে। জেলায় ৪৩টি ইউনিয়নে মোট ৮৬ জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও চারটি ব্যাচে ২০ জন করে সর্বমোট ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের জন্য তহবিল স্বল্পতার কারণে শেষ ছয়জনকে প্রশিক্ষণ দেওয়া যায়নি। নিয়োগপ্রাপ্ত এসব কর্মীর কোনো বেতন নেই। তথ্য ও সেবাকেন্দ্রের অপারেটর হিসেবে স্থানীয়ভাবে সেবার (কাজের) বিনিময়ে যা আয় করবে তা থেকে নিজেদের ভাতা নিবে—এ শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ফেনী সদর উপজেলার ধর্মপুর, কালিদহ, বালিগাঁও, ধলিয়া ও ফাজিলপুর ইউনিয়নে, দাগনভূঁঞা উপজেলার রামনগর ও সিন্দুরপুর ইউনিয়ন, সোনাগাজীতে চর চান্দিয়া ও মতিগঞ্জ ইউনিয়নে, ছাগলনাইয়া উপজেলার সবগুলি ইউনিয়ন, ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ও মুন্সিরহাট ইউনিয়নে এবং পরশুরামের বক্সমাহমুদ ও মির্জানগর ইউনিয়নে কোনোরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র।এলাকাবাসীর অভিযোগে জানা যায়, জেলায় প্রথম কম্পিউটার দেওয়া হয়েছিল সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদে। কিন্তু বিদ্যু ৎ সংযোগ না থাকার কারণে সেটি এখনো চালু করা যায়নি। অপরদিকে, সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন, চর দরবেশ ইউনিয়ন, ফেনী সদরের মোটবী, কাজিরবাগ, দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন, জায়লস্কর ইউনিয়ন, ফুলগাজী উপজেলার আমজাদহাটসহ বিভিন্ন ইউনিয়নের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই সব ইউনিয়নে কোনো তথ্য ও সেবাকেন্দ্র আছে কি না সেটি তারা জানে না।ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম জানান, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র চালুর জন্য ইউনিয়ন পরিষদের ভূমি রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত এক শতাংশ আয়ের টাকা থেকে কম্পিউটার কেনার জন্য দেওয়া হয়েছে। তবে বর্তমানে অনেক তথ্য ও সেবাকেন্দ্র বন্ধ থাকার কথা তিনি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে বন্ধগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি প্রথম আলোকে জানান।