ফেনীর এক হাজার তিন শ পরিবার পেল বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার চার ইউনিয়নে গত ২৮ ও ২৯ আগস্ট ১ হাজার ৩০০ পরিবারকে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়। দুটি পৃথক অনুষ্ঠানে এ সংযোগ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ২৯ আগস্ট সকালে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের ছয়টি গ্রামের ৭৮৪ জন গ্রাহকের সংযোগ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান, সচিব এ কে এম সফিউল ইসলাম, স্থানীয় ইউিনয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির আহম্মদ, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।
অপর দিকে, ২৮ আগস্ট সকালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ও চর মজলিশপুর ইউনিয়নের ৫১৭ পরিবারকে বিদ্যুৎ–সংযোগ প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলার সমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, নারী ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ।