ফেনীর তিন পৌরসভার বেশির ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলার তিনটি পৌরসভায় নির্বাচন আজ। এই তিন পৌরসভায় মেয়র পদে ১৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৫ ও সাধারণ কাউন্সিলর পদে ১৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন পৌরসভার ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টি ঝুঁকিপূর্ণ। নির্বাচনের দিন পুলিশ ও আনসারের পাশাপাশি বর্ডার গার্ড শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। পরশুরামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়োজিত থাকবে সেনাবাহিনী।ফেনীতে মেয়র পদে ছয়জন ও পাঁচটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪ জন এবং ১৫টি সাধারণ ওয়ার্ডে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি ওয়ার্ডে ৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টিকে পুলিশ প্রশাসন বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। মোট ভোটার ৭৩ হাজার ১৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ২৪২ জন এবং নারী ৩৫ হাজার ৯৪০ জন। সোনাগাজী পৌরসভায় মেয়র পদে ছয়জন, তিনটি সংরক্ষিত নারীওয়ার্ডে ১০ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ১৮১ জন এবং নারী ভোটার পাঁচ হাজার ৭৫৯ জন। শৃঙ্খলার দায়িত্বে পুলিশ ও আনসারের পাশাপাশি বর্ডার গার্ডও কাজ করবে। সোনাগাজী পৌরসভার নয়টি ভোটকেন্দ্রের নয়টিকেই পুলিশ বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পরশুরাম পৌরসভায় মেয়র পদে দুজন, তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরশুরাম পৌর নির্বাচনে শান্তি-শৃঙ্খলার জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। পরশুরাম পৌরসভার নয়টি ভোটকেন্দ্রের মধ্যে আটটিতে পুলিশ প্রশাসন বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।