ফেনীর দুই পৌর মেয়রের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী ও দাগনভূঞা পৌরসভার মেয়র মো. ওমর ফারুক খানের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। গত সোমবার ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে পৃথক দুটি মামলা হয় (বিশেষ ট্রাইব্যুনাল মামলা ০১/১১ ও ০২/১১)। মামলার বাদী ফেনী পৌর নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী নুরুল আবসার ও দাগনভূঞার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আকবর হোসেন। ফেনী পৌরসভার মামলায় মেয়র ছাড়াও জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে। অপরদিকে দাগনভূঞা পৌরসভার মামলায় নির্বাচিত মেয়রসহ ১৮ জনকে বিবাদী করা হয়েছে।আদালত সূত্র জানায়, ফেনী পৌরসভার মামলায় অভিযোগ করা হয়, নিজাম উদ্দিন হাজারী সত্য গোপন করে নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি ফৌজদারি মামলার আসামি। এ ছাড়া তিনি বিশেষ ক্ষমতা আইনের ১৯ (ক)(চ) ধারায় অস্ত্র আইনে চট্টগ্রামের চতুর্থ ট্রাইব্যুনাল আদালতে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি ওই মামলায় খালাস পেয়েছেন বলে উল্লেখ করেছেন। এ ব্যাপারে বাদী গত ৩০ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে লিখিত অভিযোগও করেছেন। অভিযোগে আরও বলা হয়, ১৮ জানুয়ারি নির্বাচনের দিন নিজাম উদ্দিন হাজারী ও তাঁর অনুসারীরা ১৬টি ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারে। তথ্য গোপন করা ও কেন্দ্র দখলের অপরাধে নিজাম উদ্দিন হাজারীর মেয়র পদ বাতিলের আবেদন জানানো হয়। নুরুল আবসারের পক্ষে আইনজীবী খাজা মাইন উদ্দিন মামলাটি আদালতে দাখিল করেন।অপরদিকে দাগনভূঞা পৌরসভার মামলায় বর্তমান নির্বাচিত মেয়র মো. ওমর ফারুক খানসহ ১৮ জনকে বিবাদী করা হয়। এতে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পাঁচটি ভোটকেন্দ্রের ভোট পুনরায় গণনার আবেদন জানানো হয়। মোহাম্মদ আকবর হোসেনের অভিযোগে বলা হয়, ওই সব কেন্দ্রের ফলাফল গণনার আগেই তাঁর নির্বাচনী এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং এর আগে ফলাফল লেখা ছাড়াই বিবরণীতে জোর করে সই নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তাঁর টেলিফোন প্রতীকের ২৫০টি ব্যালট বাতিল করা হয়। মূলত ১১০টি ব্যালট বাতিলযোগ্য ছিল। কিন্তু তাঁর পক্ষে থাকা ১৪০টি বৈধ ব্যালটও বাতিল করে তাঁকে ৬৮ ভোটে পরাজিত করা হয়েছে। মোহাম্মদ আকবর হোসেনের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ আবদুল্লা আরজি দাখিল করেন।ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. হেলাল উদ্দিন আগামী ১৫ মার্চের মধ্যে ফেনী পৌরসভার মামলা ও ১৬ মার্চের মধ্যে দাগনভূঁঞা পৌরসভার মামলার সমন জারির আদেশ দেন।