ফেনীর নয় সড়কে দুর্ভোগ
ফেনী শহরের আশপাশের এলাকায় বসবাস করেন, অথচ কাজের সূত্রে প্রতিদিন শহরে আসেন, এমন লোকজনের দৈনন্দিন জীবনের অন্যতম ভোগান্তির নাম সড়কপথে যাতায়াতের বিড়ম্বনা। ফেনীর সদর উপজেলার অন্তত নয়টি সড়কের বেহাল অবস্থার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামত না হওয়ায় এসব সড়ক দিয়ে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগার পাশাপাশি আটোরিকশাচালককে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।
বেহাল সড়কগুলো হলো চিন্তারপুল-কুঠিরহাট সড়ক, লেমুয়া বাজার-ভূঁইয়ার হাট সড়ক, ফাজিলপুর-শিবপুর সড়ক, রানীরহাট-সোনাপুর সড়ক, মোল্লার তাকিয়া-সুন্দরপুর-লেমুয়া সড়ক, দুলামিয়া-শর্শদি-আবুপুর সড়ক, মোহাম্মদ আলী বাজার-শর্শদি সড়ক, শিবপুর-ফাজিলপুর সড়ক ও মহিপাল সার্কিট হাউস- কুঠিরহাট সড়ক।
বেসরকারি সংস্থায় কর্মরত শর্শদি ইউনিয়নের বাসিন্দা মো. রাসেল কাজের সূত্রে প্রতিদিন ফেনী যাতায়াত করেন। তিনি অভিযোগ করেন, সড়কটি এতই খারাপ যে যানবাহনে নয়, হেঁটেও চলাচল করা কষ্টসাধ্য। সড়কের বেশির ভাগ অংশের কার্পেটিং উঠে গেছে। রাস্তা খারাপ হওয়ায় অটোরিকশার ভাড়াও বেড়ে যায়।
এ ব্যাপারে অটোরিকশাচালক পেয়ার আহম্মদ বলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় আমাদের গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়। মেরামত খরচও বেড়ে গেছে। এ জন্য ভাড়াও বেশি নিতে হয়।’
শর্শদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, এলাকার মানুষের যাতায়তের দুর্ভোগের বিষয়টি অনেক দিনের। উপজেলা উন্নয়ন সমন্বয় সভার একাধিক বৈঠকে তিনি এটি উত্থাপন করেছেন।
চিন্তারপুল থেকে কুঠিরহাট সড়কের অবস্থাও একই রকম। আগে এই সড়ক দিয়ে অটোরিকশায় যেতে সময় লাগত ১৪-১৫ মিনিট। রাস্তা খারাপ হওয়ায় এখন দ্বিগুণ সময় লাগে। তা ছাড়া ভাড়াও বেশি গুনতে হয়।
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, সড়কগুলোর বেহাল অবস্থার কথা পরিষদের একাধিক সভায় আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশল শাখাকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
উপজেলার জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নান জানান, গত ২৮ আগস্ট এক সভায় চারটি সড়ক সংস্কারের (চিন্তারপুল-কুঠিরহাট সড়ক, লেমুয়া বাজার-ভূঁইয়ার হাট সড়ক, ফাজিলপুর-শিবপুর সড়ক, রানীরহাট-সোনাপুর সড়ক) অনুমোদন পাওয়া গেছে। এরপর দরপত্র আহ্বান করে কার্যাদেশ প্রদান করা হলেই কাজ শুরু হবে। তা ছাড়া অন্য সড়কগুলোরও কাজ শিগগিরই শুরু হবে।