ফেনীর পৌর মেয়র পদে দুই জোটের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে দেশের প্রধান দুটি রাজনৈতিক জোট একক প্রার্থী দিয়েছে। ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিন এবং ১৯-দলীয় জোটের পক্ষ থেকে ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওবায়দুল হক।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, আগামী ৬ এপ্রিল ফেনী পৌরসভা মেয়রের শূন্যপদে উপনির্বাচনের দিন ধার্য করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ ২৩ মার্চ। এরপর ২৪ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়ার পর শুরু হবে প্রচারণা।
স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী পৌর আওয়ামী লীগ ও বিএনপি দলের নেতা-কর্মীদের কাছ থেকে মেয়র পদে প্রার্থী হতে দরখাস্ত আহ্বান করেছিল।
গত বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত ছিল। পরে মহাজোটের পক্ষ থেকে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরদিকে, ফেনী পৌর বিএনপির পক্ষ থেকেও সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছিল। পরে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার পর ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিনকে পৌর মেয়র পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
এদিকে, দলের বাইরের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় হতাশ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, দলের বাইরের কাউকে এই পদে মনোনয়ন দেওয়া ঠিক হয়নি। আসনটি আওয়ামী লীগের হওয়ায় দলের ভেতর থেকে একজনকে প্রার্থী করা উচিত ছিল। তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনীর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। তিনি বলেন, ‘জাতীয় পার্টির আলাউদ্দিন মহাজোটের প্রার্থী। এ কারণে আমরা তাঁর পক্ষে প্রচারণায় নামাব।’
ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল নিজেও দলের প্রার্থী হতে চেয়েছিলেন। তবে এখন জোটের প্রার্থীর পক্ষেই লড়বেন বলে জানান তিনি।
ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জানান, ১৯ দলের শরিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে পৌর নির্বাচনে জোটগতভাবে আলাল উদ্দিনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। ১৯-দলীয় জোটের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ কে এম সামছুদ্দিন জানান, তাঁরাও জোটগতভাবে পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিনকে মেয়র পদের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন।
উল্লেখ্য, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী গত ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। পরে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করলে ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রনালয় পদটি শূন্য ঘোষণা করেন।