ফেনীর ফুলগাজী যুব প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক নেই
ফেনীর ফুলগাজী যুব প্রশিক্ষণকেন্দ্রে বেশ কিছুদিন ধরে প্রশিক্ষক নেই। এ ছাড়া এই কেন্দ্রে রয়েছে নানা সমস্যা। যুব প্রশিক্ষণকেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯২ সালের নভেম্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় একটি প্রকল্পের অধীনে ফেনী শহরের একাডেমি এলাকায় ভাড়া করা বাড়িতে যুবকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ১৯৯৫ সালে ফেনী শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ফুলগাজী উপজেলা সদরে পাঁচ একর জমির ওপর যুব প্রশিক্ষণকেন্দ্রটি নির্মাণ করা হয়। যুবশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। তখন এটি ছিল বৃহত্তর নোয়াখালী (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে যুব উন্নয়ন অধিদপ্তরের একমাত্র যুব প্রশিক্ষণকেন্দ্র। বর্তমানে বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণকেন্দ্র গড়ে ওঠায় এটি জেলা যুব উন্নয়নকেন্দ্রে পরিণত হয়।যুব উন্নয়ন অধিদপ্তর প্রতি তিন মাস পর পর ১০০ জন করে বছরে চারটি ব্যাচে যুবকদের গবাদিপশু, হাঁস-মুরগি পালন, আধুনিক কৃষি পদ্ধতি, মৎস্য চাষ ও কৃষি বিজ্ঞান—এ পাঁচটি বিষয়ে যুবকদের প্রশিক্ষণ দিয়ে আসছিল। কিন্তু ২০১০ সাল থেকে ১০০ জনের পরিবর্তে প্রতি ব্যাচে ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। যুব প্রশিক্ষণকেন্দ্রে চারজন প্রশিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে একজন প্রশিক্ষকও নেই। ফলে কেন্দ্রের সমন্বয়কারী ও অতিথি বক্তা দিয়ে এবং কর্মচারীদের সমন্বয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। কেন্দ্রে তিনজন বাবুর্চি থাকার কথা থাকলেও আছে মাত্র একজন। বর্তমানে গরুর ছাউনিতে মাত্র তিনটি গরু রয়েছে। ছাগলের ছাউনিতে কোনো ছাগল নেই। হাঁসের ছাউনিতে হাঁস নেই। মৎস্য বিষয়ে প্রশিক্ষণের একটি হ্যাচারি থাকলেও সেটি সম্পূর্ণ বন্ধ। এ ছাড়া মাছের জন্য রয়েছে একটি মাত্র ছোট পুকুর। প্রশিক্ষণার্থী আলাউদ্দিন জানান, তাঁর বাড়ি সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের ধান গবেষণাকেন্দ্রের পাশে। তাঁরও একটি পোলট্রি খামার ছিল। কিন্তু কোনো প্রশিক্ষণ না থাকায় তাঁকে লোকসান গুনতে হয়েছে। প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হয়ে দেখেন, কেন্দ্রে কোনো প্রশিক্ষক নেই। কর্মচারীরাই এখানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণকেন্দ্রের কো-অর্ডিনেটর মো. খোরশেদ আলম জানান, ১৯৯২ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে এযাবৎ সাত হাজার ৫৩১ জন যুবক প্রশিক্ষণ নিয়ে অনেকেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা প্রয়োজনে সমাজসেবা অধিদপ্তর থেকে পুঁজি হিসেবে ৫০ হাজার টাকা করে ঋণও নিতে পারে। তিনি কেন্দ্রে প্রশিক্ষক না থাকার কথা স্বীকার করেন।