ফেনীর বালিগাঁও উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে প্রাণের মেলা

ষাটোর্ধ্ব জালাল আহমেদ এদিক-সেদিক ঘুরতে ঘুরতে সবার সঙ্গে পরিচিত হচ্ছিলেন। ১৯৬৫ সালের ব্যাচ তিনি। সহপাঠী বা প্রাক্তন শিক্ষার্থীদের পেলেই আলিঙ্গন করছেন। খুলে ধরছেন স্মৃতির ডালা।
ফেনীর সদর উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে যোগ দিয়েছিলেন জালাল আহমেদের মতো বিদ্যালয়ের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী। ছিল বর্তমান শিক্ষার্থীরাও। দিনভর আড্ডা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে ফেলে আসা স্কুলজীবনকে খুঁজেছেন তাঁরা। ১৯ মার্চ বালিগাঁও উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই প্রাণবন্ত মিলনমেলা।
তিনটি পর্বে অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তীর আয়োজন। প্রথম পর্বে ছিল শোভাযাত্রা ও উদ্বোধন, দ্বিতীয় পর্বে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং তৃতীয় পর্বে ছিল বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান। তিন পর্বেই অতিথিদের বক্তব্যের ফাঁকে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা। সুবর্ণজয়ন্তী উৎসবে বিদ্যালয়ের আড়াই হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী নাম নিবন্ধন করেন।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর বিদ্যালয়ের মাঠের শেষ প্রান্তে দেখা হয় ১৯৬৫ সালের শিক্ষার্থী জালাল আহম্মদের সঙ্গে। তিনি জানান, তিনি যখন পড়তেন, বিদ্যালয়টি তখন অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এখান থেকে পড়াশোনা শেষ করে প্রায় চার কিলোমিটার দূরের একটি বিদ্যালয়ে গিয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। তবে তাঁর অনেক সহপাঠী দূরত্বের কারণে সেখানেই লেখাপড়ার ইতি টানে। এখন এলাকার সব ছেলেমেয়ে বিদ্যালয়ে যাচ্ছে দেখে খুব খুশি তিনি। ১৯৭৩ সালে এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন মণীন্দ্র কুমার সূত্রধর। এই মিলনমেলায় নিজের ব্যাচের কোনো সহপাঠীর দেখা পাননি। তবে নবীন-প্রবীণ অনেক শিক্ষার্থীর দেখা পেয়ে ভীষণ খুশি তিনিও।
সকালে অনুষ্ঠান শুরু হয় জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে। এরপর শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্বের কার্যক্রম। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক। বক্তব্য দেন ফেনী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তায়বুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ ও সাংবাদিক আবু তাহের। বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান।
বিভিন্ন পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. ওয়াজি উল্যাহ, মধুয়্যাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন ডলি সায়ন্তনী, ফকির শাহাবুদ্দিন, ক্লোজআপ তারকা চম্পা বণিক ও ফেনী স্থানীয় শিল্পীরা।