ফেনীর রাজনীতিতে নতুন কান্ডারি!
ফেনীর রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। আওয়ামী লীগের বহিষ্কৃত ও বিতর্কিত নেতা জয়নাল হাজারী ও ফেনী-২ আসনের বিএনপি দলীয় বর্তমান সাংসদ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) এ মেরুকরণে পিছিয়ে পড়েছেন বলে মনে করছেন দুই দলের নেতা-কর্মীরা। অথচ গত দুই দশক তাঁরা ছিলেন ফেনীর রাজনীতিতে ‘দোর্দণ্ড প্রতাপশালী।’ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগে ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নিজাম হাজারী ও বিএনপিতে বেগম খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দরের দিকে ঝুঁকে পড়েছেন নেতা-কর্মীরা। মূলত তাঁদের দুজনকে ঘিরেই এখন চলছে জেলার রাজনীতি।সূত্র জানায়, ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগের রাজনীতিতে মেরুকরণ শুরু হয়। আওয়ামী লীগে জেলা কমিটি বহাল থাকলেও কার্যত নেতৃত্ব চলে যায় কমিটির বাইরে। দল থেকে বহিষ্কৃত হয়েও দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল জয়নাল হাজারীর হাতে। কিন্তু এখন নিয়ন্ত্রণ চলে গেছে তাঁরই এককালের শিষ্য নিজাম হাজারীর হাতে। দলীয় সূত্রে জানা যায়, মূলত ১৯৮৬ সাল থেকে ফেনী জেলা আওয়ামী লীগের কর্তৃত্ব জয়নাল হাজারীর হাতে ছিল। দলে নিজের একচেটিয়া আধিপত্য ধরে রাখতে গড়ে তোলেন স্টিয়ারিং কমিটি। পরে নাম পরিবর্তন করে রাখেন ‘ক্লাস কমিটি’। ২০০১ সালের ১৭ আগস্ট যৌথবাহিনী তাঁর বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। তবে আত্মগোপনে থেকেও তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের রাজনীতির কান্ডারি। সাত বছর ভারতে অবস্থানের পর মহাজোট ক্ষমতায় এলে তিনি দেশে ফিরে আসেন এবং আদালতে আত্মসমর্পণ করেন। পরে কারাগার থেকে ছাড়া পেয়ে তিনি আবারও পুরোনো কায়দায় দলের কয়েকজন নেতাকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেন। এ নিয়ে বিরোধের জের ধরে বিরোধীরা নতুন করে সংগঠিত হয়। দলীয় সূত্র আরও জানায়, ফেনী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালের নভেম্বরে। তখন অ্যাডভোকেট আবুল কাশেমকে সভাপতি ও জয়নাল হাজারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের এক বছর পর সভাপতি মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদকে। তিনিও অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভারত গেলে আজিজ আহম্মদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়, তিনি এখনো দায়িত্বে আছেন। আর ২০০১ সালে জয়নাল হাজারী পালিয়ে গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন আবদুর রহমান। ২০০৪ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিতর্কিত ভূমিকার জন্য জয়নাল হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই বহিষ্কার আদেশ এখনো বহাল আছে। অপরদিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফেনী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৪ বছর আগে গঠিত কমিটির অনেক কর্মকর্তা এখন নিষ্ক্রিয়। এ অবস্থায় নতুন কমিটি গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন নেতা-কর্মীরা।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, জেলা সম্মেলন করার প্রস্তুতি তাঁদের রয়েছে। কেন্দ্র যখনই সময় দেবে তখনই সম্মেলন করা যাবে। তিনি জেলার রাজনীতিতে নতুন মেরুকরণের সত্যতা স্বীকার করেন। ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে বলেন, ‘সাবেক সাংসদ ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী সাধারণ মানুষের কাছে না গিয়ে কিছু অনুসারী নিয়ে নিজেদের স্বার্থে কাজ করেছেন। আমি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের সমর্থন পেয়েছি। দলের সমর্থকও বেড়েছে। কোনো পর্যায়ে নেতা না থাকলেও আমি দলের জন্য কাজ করে যাব।’এ প্রসঙ্গে জয়নাল হাজারী বলেন, ‘কেন্দ্র থেকে আমাকে ধৈর্য ধরতে বলা হয়েছে। আমি কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বর্তমানে নিজের একটি সাপ্তাহিক ও দৈনিক পত্রিকার সম্পাদনা নিয়ে ব্যস্ত আছি।’অপরদিকে এক যুগ ধরে বিএনপির রাজনীতি ছিল জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নালের নিয়ন্ত্রণে। কিন্তু বছরখানেক আগে গঠিত নতুন জেলা কমিটির নেতৃত্ব চলে যায় বেগম খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দরের হাতে। জেলা বিএনপির কমিটিতে জয়নালের সমর্থকদের ঠাঁই হয়নি। যদিও জয়নাল আবেদীন ও সাংসদ মোশাররফ হোসেনকে জেলা কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। জেলার ছয়টি উপজেলা কমিটিও জয়নাল সমর্থকদের বাদ দিয়েই সাঈদ এস্কান্দর পন্থীদের নিয়ে গঠন করা হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা জানান, ১৯৯৭ সালের সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে মোহাম্মদ মোশাররফ হোসেন ও জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)। এরপর ২০০৩ সালে বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে হট্টগোলে সম্মেলন পণ্ড হয়ে যায়। দীর্ঘদিন আর জেলা বিএনপির সম্মেলন হয়নি। ২০১০ সালে সাঈদ এস্কান্দরের নেতৃত্বে নতুন জেলা কমিটি গঠন করে বিএনপি। এতে সভাপতি নির্বাচিত হন সাঈদ এস্কান্দর, সাধারণ সম্পাদক হন জিয়া উদ্দিন ওরফে মিস্টার।নাম প্রকাশ না করে বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতা-কর্মী জানান, নতুন জেলা কমিটি একপক্ষীয় হওয়াতে দলে প্রাণচাঞ্চল্যের পরিবর্তে স্থবিরতা দেখা দিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, বড় দলে কিছু অসন্তুষ্টি থাকা স্বাভাবিক। তবে বড় ধরনের কোনো বিরোধ তিনি এ মুহূর্তে দেখছেন না। তারপরও সবাইকে নিয়ে বসলে সব ঠিক হয়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন।জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবেদীন বলেন, ‘আমি ফেনীর কমিটি নিয়ে মাথা ঘামাই না।’