একাত্তরে শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান স্মরণে নির্মিত ফেনী শহরের প্রাণকেন্দ্র মিজান সড়কে অবস্থিত মিলনায়তনটি ভেঙে ফেলা হয়েছে। এর ফলে এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে। অপরিকল্পিতভাবে মিলনায়তনটি ভেঙে ফেলায় এ স্থবিরতা দেখা দিয়েছে বলে সাংস্কৃতিক সংগঠক ও সচেতন নাগরিকেরা মনে করছেন।ফেনীতে দীর্ঘদিন শহরের একমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডের ও বিনোদনের স্থান হিসেবে শহীদ জহির রায়হান মিলনায়তনটি ব্যবহার হয়ে আসছিল। প্রায় চার বছর আগে মিলনায়তনটিকে জরাজীর্ণ আখ্যায়িত করে ফেনী জেলা পরিষদ অপরিকল্পিত ভাবে এ মিলনায়তনটি ভেঙে ফেলে। ওই স্থানে একটি আধুনিক মিলনায়তন নির্মাণ করা হবে বলা হলেও মন্ত্রণালয়ের রশি টানাটানির কারণে সেটি এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। ফেনী জেলা পরিষদ সূত্র জানায়, ফেনী শহরের প্রাণকেন্দ্র মিজান সড়কে ফেনী জেলা পরিষদের ৬৫ শতাংশ জমির ওপর ১৯৭৭ সালে শহরের একমাত্র সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র হিসেবে ৩০০ আসনের শহীদ জহির রায়হান মিলনায়তনটি নির্মাণ করা হয়। ১৯৮২ সালে এটি পুনর্নির্মাণ করা হয়। মিলনায়তনের দুপাশে জেলা পরিষদের দুটি পুকুর এবং সামনের এক কোণে একটি অর্জুন গাছ পুরো এলাকার সৌন্দর্যের প্রতীক হিসেবে ছিল। ১৯৮২ সালের পর বেশ কয়েকবার মিলনায়তনটি সংস্কার ও মেরামত করা হয়। কিন্তু আসবাববিহীন পুরোনো মিলনায়তনটি সময়ের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। এ অবস্থায় নতুন ভবনের দাবি ওঠে। ২০০৮ সালে ৫০০ আসন বিশিষ্ট নতুন ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে জেলা পরিষদ। একই সময় পুরোনো মিলনায়তনটি নিলামে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু নতুন ভবনের দরপত্র বাছাই করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর পর সেন্ট্রাল প্রোকিউরমেন্ট টেকনিকেল ইউনিটের (সিপিটিইউ) ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রকাশের জটিলতার কারণে আর অনুমোদন পাওয়া যায়নি। ২০০৯ সালের ২৭ এপ্রিল জেলা পরিষদ থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়। শুরু হয় চিঠি চালাচালি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।এদিকে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত বছর ১০ অক্টোবর এক চিঠিতে ফেনী জেলা পরিষদকে জানানো হয়, দেশের জেলা পরিষদ সমূহের মিলনায়তন নির্মাণের লক্ষে একটি টাইপ প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। টাইপ প্ল্যানটি চূড়ান্ত হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ অনুমোদিত টাইপ প্ল্যান অনুসরণ করে তা করা হবে। গত ২৪ ফেব্রুয়ারি ফেনীতে অনুষ্ঠিত পথনাটক উৎসব অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাট্য কর্মীরা শহীদ জহির রায়হান মিলনায়তন নির্মাণ নিয়ে অহেতুক চিঠি চালাচালির নিন্দা এবং অবিলম্বে দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরুর দাবি জানায়। সভায় বক্তারা বলেন, জহির রায়হান মিলনায়তনটি ভেঙে ফেলায় ফেনীর সাংস্কৃতিক অঙ্গন বর্তমানে ঝিমিয়ে পড়েছে। মিলনায়তনে বেশ কয়েকটি সংগঠনের কার্যালয় ও মহড়া কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে সংগঠন গুলোর কার্যালয় না থাকায় নাট্য চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মিলনায়তনটি দ্রুত নির্মাণ না করা হলে ফেনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড অচিরেই মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম মৈনুর প্রথম আলোর সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার বিভাগ, এলজিইডি ও জেলা পরিষদের মধ্যে চিঠি চালাচালির সত্যতা স্বীকার করেন। তিনি জানান, শহীদ জহির রায়হান মিলনায়তন নির্মাণের জন্য এক কোটি পঞ্চাশ লাখ টাকার তহবিল গত চার বছর পড়ে রয়েছে। কিন্তু প্ল্যান ডিজাইন পাশ না হওয়ায় কাজটি করা যাচ্ছে না। যত দ্রুত কাজটি করা যায় তার জন্য জেলা পরিষদ নিয়মিত স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।