ফেনীর হাতে তৈরি কাগজ এখন বিদেশেও যাচ্ছে
কচুরিপানা, গাছের পাতা, বর্জ্য পাট, বর্জ্য তুলা, কাঁচা ঘাস ইত্যাদি বর্জ্যজাতীয় কাঁচামাল দিয়ে ফেনীতে কয়েক বছর ধরে কাগজ তৈরি হচ্ছে হ্যান্ডমেইড পেপার মিলে। ফেনীর চাড়িপুর বিসিক শিল্পনগরের দুটি হ্যান্ডমেইড পেপার মিলে প্রতিবছর ৫০ টন কাগজ উৎপাদিত হয়। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি কাগজগুলো ইউরোপের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। হ্যান্ডমেইড পেপার মিলের অন্যতম উদ্যোক্তা গাজী আবদুর রব। তাঁর কারখানা ‘শতরূপা হ্যান্ডমেইড পেপার মিল’। তাঁর সঙ্গে কথা বলে জানা যায় কীভাবে হাতে কাগজ তৈরির ভাবনাটি তাঁর মাথায় আসে। গাজী আবদুর রব জানান, তিনি ‘ম্যানোনাইট সেন্ট্রাল কমিটি’ (এমসিসি) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় নেপাল ও ভারতে যাওয়ার সুযোগ হয়। সেখানে হাতে তৈরি কাগজ উৎপাদিত হতে দেখে তিনি উৎসাহিত হন এবং দেশে এ ধরনের হাতে তৈরি কাগজের কারখানা স্থাপনের চিন্তা শুরু করেন। সেই চিন্তা থেকে ১৯৯৪ সালের শুরুর দিকে তিনি প্রথম তাঁর বাসায় হাতে তৈরি কাগজ উৎপাদনের চেষ্টা করেন। প্রথমে ম্যানোনাইট সেন্ট্রাল কমিটি বা এমসিসির মাধ্যমে ‘শুকতারা’ নামে একটি হ্যান্ড মেইড পেপার মিল প্রতিষ্ঠা করেন। পাশাপাশি ‘শতরূপা হ্যান্ড মেইড পেপার মিল’ নামে নিজেও একটি কারখানা প্রতিষ্ঠা করেন। হ্যান্ডমেইড পেপার মিলের জন্য ফেনীর চাড়িপুর বিসিক শিল্পনগরে প্লট নেন এবং ধীরে ধীরে ৪৩ শতক জমির ওপর হ্যান্ডমেইড কারখানা স্থাপন করেন। কয়েক বছর পরীক্ষা মূলক উৎপাদন চলে।বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য ২০০৫ সাল থেকে বিসিক শিল্পনগরীর কারখানার অবকাঠামো নির্মাণ শুরু করে ২০০৮ সালে শেষ হয়।হ্যান্ডমেইড পেপার তৈরির প্রক্রিয়া সম্পর্কে কারখানার স্বত্বাধিকারী গাজী আবদুর রব জানান, প্রথমে বর্জ্য পাট, বর্জ্য তুলা, কচুরিপানা, গাছের পাতা (করই পাতা), কাঁচা ঘাস ইত্যাদি ভালোভাবে পরিষ্কার বা বাছাই করা হয়। তারপর ছোট ছোট আকারে কেটে সাইজ করে পানিতে সিদ্ধ করা হয়। তখন সামান্য পরিমাণ রাসায়নিক দেওয়া হয়। এরপর সেগুলোতে আরও কিছু পানি দিয়ে ধুয়ে মণ্ড তৈরি করা হয়। মণ্ডগুলোকে আবার পরিমাণমতো পানিতে মিশিয়ে বাঁশের ছাকুনি দিয়ে ছেঁকে তোলার পর সেগুলোকে একটি কাপড়ের ওপর রাখা হয়। এভাবে অনেকগুলো হলে হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ সৃষ্টি করে পানি সরিয়ে নেওয়া হয়। তারপর সেগুলোকে কন্টাক ড্রায়ার দিয়ে শুকানো হয়। শুকানোর সময় কাপড়টা কাগজ থেকে আলাদা করে নেওয়া হয়।শুকানোর পর কাগজগুলোকে মসৃণ করার জন্য দুই শিটের মাঝ খান দিয়ে রোলার দিয়ে চাপ দেওয়া হয়। এরপর কাটিং মেশিনে কেটে কাগজের সাইজ বা সিট তৈরি করা হয়। হ্যান্ডমেইড পেপার বা হাতে তৈরি কাগজ সাধারণত চারুকলা ইনস্টিটিউটে ছবি আঁকার কাজে এবং দেশের গার্মেন্টসগুলোতে ‘টেগ’ হিসাবে ব্যবহার হয়ে থকে। এ ছাড়া লেখার প্যাড, নোট বই, বিয়ের চিঠি, খাম, রেপিং পেপার (মার্বেল পেপার) হিসেবেও ব্যবহার হয়ে থাকে।গাজী আবদুর রব জানান, তাদের উৎপাদিত হ্যান্ডমেইড পেপার ঢাকার কিছু প্রতিষ্ঠিত ব্যাবসায়ী কিনে নিয়ে বাজারজাত করে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে তারা বড় একটি অংশ বিদেশেও রপ্তানি করে থাকে।গার্মেন্টস শিল্পের টেগ হিসেবে ব্যবহার করতে এবং চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ছবি আঁকার জন্য বৈদেশিক মুদ্রা খরচ করে এ ধরনের কাগজ আগে বিদেশ থেকে আমদানি করা হতো। এখন দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের বড় অংশ বিদেশে রপ্তানি করা হয়। ফলে একদিকে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, অপর দিকে বৈদেশিক মুদ্রা আয়ও হচ্ছে।শতরূপা হ্যান্ড মেইড পেপার মিলের কর্মচারীদের ৮০ শতাংশই নারী শ্রমিক। একটু ভারী কাজগুলো পুরুষ শ্রমিক দিয়ে করানো হয়। বর্তমানে ৬৫ জন শ্রমিক কর্মরত রয়েছেন।কারখানার স্বত্বাধিকারী গাজী আবদুর রব জানান, সুষ্ঠু ভাবে সরকারি সহযোগিতা পেলে তিনি আরও বেশি পণ্য উৎপাদন করতে পারবেন। এতে একদিকে স্থানীয় কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে। অন্যদিকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।