
বইমেলা
গত বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির বইমেলাকে কেন্দ্র করে ঢাকার বাইরে বেশ কয়েকটি বন্ধুসভা বইমেলার আয়োজন করেছিল। জেলায় প্রশাসনের উদ্যোগেও বেশ কয়েকটি বড় বইমেলা হয়েছে। সেখানে যেমন বন্ধুরা স্টল নিয়ে বই সাজিয়ে বসেছিলেন, তেমনি এককভাবেও করেছিলেন বইমেলা। এবারও আমরা বইমেলার আয়োজন করতে চাই। এ ব্যাপারে বন্ধুদের মতামত, পরামর্শ পেলে ভালো হয়।
সেরা পাঠক
গত বছর আমরা কিছু বইয়ের তালিকা প্রকাশ করেছিলাম। বলেছিলাম বইগুলো বন্ধুদের পড়তে হবে। দ্রুতই আমরা ২০১৭ সালের পাঠতালিকা প্রকাশ করব।
এ প্রসঙ্গে আমরা একটি ঘোষণা দিতে চাই। সেটি হচ্ছে, ২০১৬ সালে যে বন্ধুরা সবচেয়ে বেশি বই পাঠ করেছেন, তাঁদের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি ছাপব বন্ধুসভার পাতায়। প্রতিটি বন্ধুসভায় দুজনের (একজন নারী ও একজন পুরুষ সদস্য) পরিচিতি ছাপা হবে। বন্ধুসভার কার্যকরী কমিটির সদস্য অথবা সাধারণ সদস্যের মধ্যে যে কেউ এ তালিকায় উঠে আসতে পারেন। কমিটির সাহিত্য সম্পাদক, প্রতিনিধি বা নিজস্ব প্রতিবেদকের সঙ্গে আলাপ করে ছবিসহ পরিচিতি দ্রুত বন্ধুসভার ই-মেইলে পাঠান।
দেয়ালিকা
মহান একুশে উপলক্ষে সারা দেশের সব বন্ধুসভা দেয়ালিকা প্রকাশ করবে। তাই এখন থেকেই বন্ধুদের প্রস্তুতি নিতে বলি। আমরা আশা করছি, সব বন্ধুসভাই এবার দেয়ালিকা বের করবে। যারা একুশ উপলক্ষে লিটল ম্যাগাজিন বা ভাঁজপত্র বের করবে, তাদের দেয়ালিকা প্রকাশ না করলেও চলবে।
নতুন লেখক
প্রতি বছরই আমরা বন্ধুসভার পাতায় বন্ধুসভার সঙ্গে যুক্ত লেখকদের বইয়ের প্রচ্ছদ প্রকাশ করি। এবারও সে চেষ্টা থাকবে। বিশেষ করে নতুন লেখকদের বইয়ের পরিচিতি আমরা প্রাধান্য দেব। ফেব্রুয়ারিতে বই প্রকাশের পরপরই বইয়ের প্রচ্ছদ, বই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি, কোন বন্ধুসভার সঙ্গে যুক্ত এবং মুঠোফোন নম্বর পাঠাবেন।
বই আড্ডা
ফেব্রুয়ারি মাসের প্রতি শনিবার কারওয়ান বাজারে বন্ধুসভা কক্ষে বসবে বই আড্ডা। প্রিয় লেখক, বইমেলার নতুন বই, পঠিত বই প্রভৃতি বইকেন্দ্রিক বিষয় নিয়ে এই আড্ডা। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আড্ডা। এর পাশাপাশি বাংলা একাডেমির বটতলায়ও বসবে বই আড্ডা। প্রতি রবি ও সোমবার। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আগ্রহী সবাইকে আমন্ত্রণ।
কবিতাপাঠের আসর
আমাদের প্রতিটি বন্ধুসভার রয়েছে সাপ্তাহিক বৈঠক। একেক বন্ধুসভা একেকবারে এ বৈঠকগুলোতে বসেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একটি বৈঠক স্বরচিত কবিতাপাঠের আসরের জন্য যেন বরাদ্দ করা হয়। ওই দিন আমাদের কবি বন্ধুরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন। আমাদের প্রতিনিধিদের মধ্যেও অনেক কবি আছেন। তাঁদেরও এই আসরে আমন্ত্রণ জানাবেন।
সভাপতি: প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ
ই-মেইল: [email protected]