ফের অশান্তি পাহাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। গত বুধবার বাঘাইছড়িতে বাঙালি মোটরসাইকেল চালক আবদুস সাত্তারের মৃতদেহ উদ্ধারের পর ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধ হলেও জনমনে আতঙ্ক কাটেনি। রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংস ঘটনার প্রতিবাদে স্থানীয় বাঙালি ও পাহাড়িদের সংগঠন পৃথক কর্মসূচি দিয়েছে।পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন আজ রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গত বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সম-অধিকার রাঙামাটি জেলা শাখার সভাপতি পেয়ার আহমদ খান এ হরতালের ঘোষণা দেন।অপরদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালার কবাখালী বাজার অনির্দিষ্টকালের জন্য বর্জন, কাল সোমবার বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে ইউপিডিএফের ডাকে বাঘাইছড়ি ও দীঘিনালায় ১৬ ডিসেম্বরের কর্মসূচি বর্জন এবং গতকাল শনিবার বাঘাইছড়ি ও দীঘিনালায় কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে আদিবাসীরা।এদিকে রাঙামাটির বাঘাইছড়ির পরিস্থিতি এখনো থমথমে বলে জানা গেছে। চাকরি ও ব্যবসার কাজে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাঘাইছড়িতে যাওয়া পাহাড়ি ও বাঙালিদের অনেকেই সেখানে আটকা পড়েছে। তবে খাগড়াছড়ির দীঘিনালার পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে।উল্লেখ্য, বুধবার বাঘাইছড়িতে আবদুস সাত্তারের লাশ উদ্ধারের পর উত্তেজিত বাঙালিদের হামলায় দীঘিনালা উপজেলার কবাখালী এলাকায় আদিবাসী নারী চিগোনমিলে চাকমা নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন আদিবাসী। একই দিন দীঘিনালার বাবুছড়া এলাকা থেকে উপজেলা সদরে ইজিবাইকযোগে ফিরে আসার সময় চার বাঙালি যুবক আদিবাসীদের হামলায় আহত হন।এর আগে ৪ ডিসেম্বর রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী তাগলকবাগ এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে মোখলেস, জাহিদ, আজহার, রমজান (২৭) ও ইউছুফ (৩২) নামের পাঁচ জেলে নিখোঁজ হন। নিখোঁজ জেলেদের পরিবার ও পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আদিবাসী সন্ত্রাসীরা জেলেদের অপহরণ করেছে। তবে অপহরণের বিষয়টি কোনো পক্ষ থেকে স্বীকার করা হয়নি। এদিকে বাঘাইছড়ির আদিবাসীরা তাদের ওপর হামলাকারীদের আটকের যে সময়সূচি বেঁধে দিয়েছে, তা আজ রোববার শেষ হচ্ছে। এরপর কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া স্মারকলিপিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।স্মারকলিপিতে আবদুস সাত্তারের প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি, আহত পাহাড়িদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের হামলা না হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।