পারভেজ মোশাররফের ছায়া ভালো করে সরতে না সরতেই আবার পাকিস্তানের রাজনীতিতে উর্দিকেন্দ্রিক উত্তেজনা! সেনাবাহিনীই গণতন্ত্রের সন্ধানে ছুটে মরা রাষ্ট্রটির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বলে নেপথ্যে তাদের পায়ের আওয়াজ সব সময়ই শোনা যায়। কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। অভিনব বললেও হয়তো বাড়িয়ে বলা হবে না। সিভিল-মিলিটারি উত্তেজনার সঙ্গে জড়িয়ে গেছে দেশটির প্রথাগত মিত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের নাম। জঙ্গিবাদ-জর্জরিত পাকিস্তানের পরিবর্তিত বাস্তবতায় কে কার শত্রু-মিত্র, তা চেনাই যেন হয়ে উঠেছে দায়।সন্ত্রাসবাদবিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে শীতল সম্পর্ক চলছিল। পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন ব্যবসায়ীর উল্লেখ করা কথিত ‘গোপন চিঠি’ সম্পর্কের সেই শৈত্যকে প্রকাশ্যে নিয়ে এসে তাতিয়ে দিয়েছে দেশের রাজনীতি। ‘মেমোগেট’ নামে পরিচিত হয়ে ওঠা এই ঘটনা আরও একবার মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে সেনাবাহিনী ও সরকারকে।সাম্প্রতিক উত্তেজনার শুরু: গত ২ মে পাকিস্তানে মার্কিন গোপন কমান্ডো অভিযানে নিহত হন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। ওই অভিযানের আগে মার্কিন কর্তৃপক্ষ পাকিস্তান সরকারকে কোনো কিছু জানায়নি বলে দাবি করেন প্রেসিডেন্ট জারদারি। তবে এ অভিযোগও ওঠে, পাকিস্তানের সামরিক বাহিনী অ্যাবোটাবাদে তাদের বড় ঘাঁটির কাছেই ওই মার্কিন অভিযানের বিষয়টি আগে থেকে জানত। মূলত তখন থেকেই সরকার ও সেনাবাহিনীর শীতল সম্পর্কের সূচনা।তবে আরেকটু পেছনের একটি ঘটনার কথাও মনে রাখা দরকার। প্রভাবশালী সেনা গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) রাশ টানার উদ্যোগ নিয়ে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যে মন-কষাকষির ঘটনা ঘটে ২০০৮ সালে। ওই বছর প্রেসিডেন্ট জারদারি ক্ষমতা নেওয়ার কয়েক মাসের মধ্যেই আইএসআইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ নেন। সেই অনুযায়ী প্রজ্ঞাপন পর্যন্ত জারি করা হয়। তবে সেনাবাহিনীর চাপে প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়। ‘গোপন চিঠি’: গত অক্টোবরে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ ফাইন্যান্সিয়াল টাইমস-এ এক নিবন্ধ লিখে যেন বোমা ফাটান। নিবন্ধে ইজাজ দাবি করেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি একটি গোপন চিঠি শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন তাঁকে। সেই চিঠিতে প্রেসিডেন্ট জারদারি নাকি পাকিস্তানের শীর্ষস্থানীয় জেনারেল ও গোয়েন্দা কর্মকর্তাদের সরিয়ে দিতে মার্কিন সহায়তা কামনা করেছিলেন। জারদারিকে সহায়তা করলে পাকিস্তানের পররাষ্ট্রনীতি মার্কিন স্বার্থের অনুকূলে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়। কথিত চিঠিতে জারদারি আশঙ্কা প্রকাশ করে বলেন, সেনাবাহিনী অভ্যুত্থান ঘটাতে পারে। নিবন্ধে মনসুর ইজাজ লেখেন, ওই চিঠিতে জারদারি ও হাক্কানি উদ্বেগ প্রকাশ করে বলেন, আইএসআই ও সেনাবাহিনী যৌথভাবে অভ্যুত্থানের পরিকল্পনা করেছে। এতে বলা হয়, আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা এ উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্রের প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ওই নিবন্ধ প্রকাশের পর হাক্কানিকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও হাক্কানির দাবি, তিনি এমন কোনো চিঠির কথা জানেন না। মনসুর ইজাজ লিখেছেন, লাদেন হত্যার কয়েক দিনের মধ্যে হাক্কানি তাঁর সঙ্গে দেখা করেন। হাক্কানির কাছে তথ্য নিয়ে তিনি নিজেই জারদারির পক্ষে ওই চিঠি লিখে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জেনারেল জেমস জোনসের কাছে পাঠান। চিঠিটি লেখা হয়েছিল তৎকালীন মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন বরাবর। মাইক মুলেন এমন একটি চিঠির কথা স্বীকার করেছেন। তবে মুলেন বলেছেন, তিনি পাকিস্তানের এমন আবেদন উড়িয়ে দেন। পাকিস্তানে তোলপাড়: এই চিঠি পাকিস্তানের বেসামরিক সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি অবস্থানে দাঁড় করায়। চিঠির সত্যতা যাচাইয়ে তদন্তের নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফসহ আরও কয়েকজন। ওই তদন্তের অংশ হিসেবে সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি আদালতে তাঁর বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘সবাই এটা জানতে চায় যে ওই চিঠির পেছনে আসলে কার হাত ছিল?’ প্রেসিডেন্ট জারদারি ও সাবেক রাষ্ট্রদূত হাক্কানি চিঠির সঙ্গে জড়িত থাকার বিষয়টি নাকচ করেছেন। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে। এমন গুজবের মধ্যে ৬ ডিসেম্বর হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলে যান প্রেসিডেন্ট জারদারি, যা সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার গুজবকে আরও জোরালো করে তোলে। তবে গণমাধ্যমের খবরে জানা যায়, অসুস্থ জারদারি চিকিৎসা নিতেই দুবাই যান। ১৯ ডিসেম্বর জারদারি দেশে ফিরলেও বলাবলি হচ্ছে, স্ত্রী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার চতুর্থ বার্ষিকী উপলক্ষেই কেবল দেশে ফিরেছেন তিনি। শিগগিরই আবার দেশ ছাড়বেন।মুখোমুখি সরকার ও সেনাবাহিনী: ২২ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের শীর্ষ এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, পাকিস্তানের সেনাবাহিনী প্রেসিডেন্ট জারদারিকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই পরিস্থিতিতে ২৫ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ‘আমরা চাই, পার্লামেন্ট, বিচার বিভাগ ও সেনাবাহিনী এই তিনটি প্রতিষ্ঠানই সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলুক।..দেশের কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্রের মতো চলতে পারে না। প্রতিরক্ষাসহ প্রতিটি মন্ত্রণালয়কে অবশ্যই পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হবে।’এই প্রেক্ষাপটে পাকিস্তানে কয়েক দিন ধরে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব জাহির করার জোর প্রবণতা দেখা যাচ্ছে। গত ২৫ ডিসেম্বর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রেসিডেন্ট জারদারি ‘জোর করে বা ভয় দেখিয়ে’ ক্ষমতা দখলকে সমর্থন না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। ২৭ ডিসেম্বর বেনজির হত্যার চতুর্থ বার্ষিকীতে দেওয়া বাণীতে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে এক হওয়ার আহ্বান জানান তিনি। জারদারি বলেন, ‘গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে’ নস্যাৎ করাই হবে বেনজিরের প্রতি শ্রদ্ধা জানানোর সর্বোত্তম উপায়। ২০০৮ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছেন প্রেসিডেন্ট জারদারি। সেনাপ্রধান জেনারেল কায়ানি বলছেন, রাষ্ট্রক্ষমতা দখলের কোনো অভিপ্রায় তাঁদের নেই। এ নিয়ে চলা গুঞ্জন ভিত্তিহীন। ২৩ ডিসেম্বর সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সেনাপ্রধান কায়ানি অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘অভ্যুত্থানের গুজব ছড়িয়ে প্রকৃত ইস্যু থেকে সবার নজর সরিয়ে নেওয়া হচ্ছে।’ কিন্তু প্রেসিডেন্ট তথা বেসামরিক নেতৃত্বের সঙ্গে সেনাপ্রধানের দূরত্বটা প্রকটভাবে চোখে পড়েছে ইতিমধ্যেই। ২৪ ডিসেম্বর চীনের এক রাষ্ট্রীয় অতিথির সম্মানে দেওয়া নৈশভোজে প্রেসিডেন্ট জারদারি আমন্ত্রণ জানিয়েছিলেন সেনাপ্রধান কায়ানিকে। কিন্তু কায়ানি এতে যোগ দেননি। চীনা অতিথির সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন তিনি। ২০০৭ সালে সেনাপ্রধানের দায়িত্ব নেন কায়ানি। এরপর থেকে প্রায়ই তিনি বলে এসেছেন, সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখবেন। কিন্তু পাকিস্তানের বাস্তবতায় তিনি যে সে দেশের ভাগ্যনিয়ন্তাদেরই একজন, এর অন্যতম প্রমাণ ২০০৮ সালে নিউজউইক সাময়িকীর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় তাঁর নাম ওঠা। জারদারি এতে ছিলেন ২০ নম্বরে। ভবিষ্যৎ কী: বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে প্রেসিডেন্ট জারদারির অবস্থা খুবই নাজুক। তাঁরা মনে করেন, জারদারি এমন অবস্থায় আছেন যে অভ্যুত্থান নয়, সামরিক বাহিনী চাপ দিলেই ক্ষমতা ছেড়ে দেবেন তিনি। তখন দেশটিতে আগাম নির্বাচন হতে পারে। এমনিতে ২০১৩ সালে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। পাকিস্তানে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা থাকলেও প্রেসিডেন্টের প্রভাব উল্লেখযোগ্য।পাকিস্তানে সামরিক অভ্যুত্থান নতুন কিছু নয়। ১৯৪৭ সালে জন্মলাভের পর থেকে দেশটিতে বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে। তাই কায়ানি যতই ‘না না’ করুন, শেষ পর্যন্ত অভ্যুত্থান ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার জারদারিবিরোধী বলে পরিচিতদের কাছে প্রেসিডেন্ট মার্কিনপন্থী বলে পরিচিত। তাই যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে সেনাপ্রধান কায়ানিকে সরিয়ে দিয়ে জারদারির টিকে যাওয়াটাও আশ্চর্যজনক কিছু হবে না। পাকিস্তানের সামরিক শাসকেরা১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের একটা বড় সময় প্রত্যক্ষ সামরিক শাসনে বা সেনাশাসকের অধীনে কেটেছে। কখনো সামরিক পোশাকে কখনো বা বেসামরিক লেবাসে রাষ্ট্রক্ষমতা ভোগ করেছেন সেনানায়কেরা। ফিল্ড মার্শাল আইয়ুব খান (১৯৫৮-১৯৬৯)জেনারেল ইয়াহিয়া খান (১৯৬৯-১৯৭১)জেনারেল জিয়াউল হক(১৯৭৭-১৯৮৮)জেনারেল পারভেজ মোশাররফ (১৯৯৯-২০০৮)