ফেরত আনা রপ্তানি পণ্যের কনটেইনার পড়ে আছে বন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার কলম্বো বন্দরের জলসীমা থেকে ফেরত আনা রপ্তানি পণ্যভর্তি ৭৩ একক কনটেইনার এক সপ্তাহ ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে। গত সপ্তাহে ‘ওইএল মালয়েশিয়া’ নামের একটি জাহাজে করে হানজিন শিপিং কোম্পানির এসব কনটেইনার ফেরত আনা হয়।

রপ্তানি পণ্যভর্তি এসব কনটেইনার ওই জাহাজে করে প্রথমে চট্টগ্রাম থেকে কলম্বো বন্দরে নেওয়া হয়। এরপর সেখান থেকে বড় জাহাজে করে ইউরোপ ও আমেরিকায় নির্ধারিত ক্রেতাদের কাছে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই কনটেইনারের মালিকপক্ষ দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি হানজিন দেউলিয়ার মুখে পড়ে। দেউলিয়ার মুখে থাকা কোম্পানির কনটেইনার পরিবহন করে পাওনা আদায়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণে কলম্বো বন্দর জাহাজটি থেকে এসব কনটেইনার নামানোর অনুমতি দেয়নি। ফলে একই জাহাজে করে ১১ সেপ্টেম্বর এসব কনটেইনার চট্টগ্রামে ফেরত আনা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, জাহাজে থাকা রপ্তানি পণ্যের বড় অংশই পোশাকশিল্পের। রপ্তানিকারকেরা এসব পণ্য চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি কনটেইনার ডিপোতে বিদেশি ক্রেতাদের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন। ফলে এখন ফ্রেইট ফরোয়ার্ডারদের মাধ্যমে এসব পণ্য রপ্তানির প্রক্রিয়া করতে হবে। তবে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার চট্টগ্রামে ফেরত আনার পর ঈদের ছুটি শুরু হয়। ফলে ফেরত আনা কনটেইনার কীভাবে রপ্তানি হবে তা এখনো ঠিক হয়নি।

ফেরত আনা কয়েকটি কনটেইনার পণ্যের রপ্তানিকারক এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম প্রথম আলোকে বলেন, এসব কনটেইনার বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য ফ্রেইট ফরোয়ার্ডারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এখন কীভাবে রপ্তানি করা হবে তা এসব প্রতিষ্ঠানগুলো দেখছে।

যোগাযোগ করা হলে ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, এসব পণ্যের কিছু বিমানে পাঠাতে হবে। আবার কিছু হয়তো অন্য কনটেইনারে বোঝাই করে জাহাজে পাঠানো হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে পণ্যের বিদেশি ক্রেতাদের ওপর। তাদের নির্দেশনার ওপর নির্ভর করছে ফেরত আনা রপ্তানি পণ্য কীভাবে রপ্তানি হবে।

ফ্রেইট ফরোয়ার্ডাররা জানান, ফেরত আনা কনটেইনার পণ্য পুনরায় রপ্তানি করতে হলে প্রথমে হানজিনের কনটেইনার থেকে পণ্য সরিয়ে অন্য কোম্পানির কনটেইনারে বোঝাই করতে হবে। বন্দরে কনটেইনারে পণ্য বোঝাই করা হয় না। রপ্তানি পণ্য বিবেচনায় বন্দর অনুমতি না দিলে এ ক্ষেত্রে বেসরকারি ডিপোগুলোতে নিয়ে অন্য কোম্পানির কনটেইনারে বোঝাই করতে হবে। এ জন্য কাস্টমস ও বন্দরে প্রক্রিয়াগত বেশ কিছু কাজ রয়েছে।

হানজিন শিপিং বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রামের ব্যবস্থাপক জয়নাল আবেদিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দ্রুত ফেরত আনায় কনটেইনারভর্তি এসব পণ্যের রপ্তানিকারকদের বড় ক্ষতির মুখে পড়তে হবে না।’

এদিকে সিঙ্গাপুরের সিঙ্গাপুর, মালয়েশিয়ার কেলাং ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরে বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্যবাহী ৯৪৮টি কনটেইনার এখনো আটকে আছে। এসব কনটেইনার কীভাবে রপ্তানি হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্তের খবর জানা যায়নি।