লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার কৃষক মো. ইউনুছ। বোরো মৌসুমে সাড়ে ১২ কানি (৫০০ শতক) জমিতে ধান চাষ করেছেন। এতে কিছু ধারদেনাও হয়েছিল। সরকারিভাবে ২৩ টাকা কেজিতে ধান কেনা হবে শুনে কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ধান বিক্রি করতে পারেননি।
মো. ইউনুছ বলেন, ধান চাষে ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বাজারে ১৬ টাকা কেজিতে ধান বিক্রি করে পেয়েছি ৮০ হাজার টাকা। খরচ অনুপাতে মূল্য না পেলে আমরা আর কীভাবে চাষ করব?
চরম্বা ইউনিয়নের বায়ারপাড়ার কৃষক এনামুল হকের কথায় ক্ষোভ ঝরে পড়ে। তিনি বলেন, খাদ্যগুদামে ধানের নমুনা দিয়েছি। কিন্তু আমরা ফোন করলেও আমাদের ফোন ধরেন না খাদ্যগুদামের কর্মকর্তারা। অথচ রোদে শুকিয়ে প্লাস্টিকের বস্তায় সুন্দরভাবে রেখেছি ধান। পরে শুনলাম আমাদের ধানে নাকি আর্দ্রতা বেশি।
সারা দেশের মতো এবার লোহাগাড়া উপজেলায়ও বোরো ধান সংগ্রহের কার্যক্রম হাতে নেয় খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। এ জন্য প্রতি কেজি ২৩ টাকা দরে ৩৪২ মেট্রিক টন ধান সংগ্রহের নির্দেশনা আসে। এ জন্য প্রথম পর্যায়ে বরাদ্দ দেওয়া হয় ৫৫ লাখ টাকা। বাকি ২৮ লাখ ৬৬ হাজার টাকা পরে দেওয়ার কথা ছিল। কিন্তু ধান সংগ্রহ করতে না পারায় প্রথম পর্যায়ে দেওয়া টাকা ফেরত গেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী লোহাগাড়ার নয় ইউনিয়ন থেকে ২৩৮ জন কৃষকের তালিকা দেয় উপজেলা কৃষি বিভাগ। কিন্তু প্রথম দিকে নীতিমালা অনুযায়ী কোনো কৃষকের কেনা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনিল বিকাশ চাকমা বলেন, ‘জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলে। লোহাগাড়ার খাদ্যগুদামটির সংস্কারের কাজ চলায় জুন মাসে ধান সংগ্রহ করতে পারিনি। কিন্তু জুলাই মাসে দেখা যায় কৃষকদের উৎপাদিত ধানে ১৪ শতাংশের বেশি আর্দ্রতা, যা সরকারি নীতিমালার পরিপন্থী।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা যাচাইবাছাই করে কৃষকের তালিকা দিয়েছি। কৃষকেরা কষ্ট করে ধান উৎপাদন করেছেন। সরকারিভাবে ধান বিক্রি করতে না পেরে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা ছাড়া বর্ষাকালে ধানে একটু আর্দ্রতা হয়তো বেশি হতে পারে।’ তিনি অভিযোগ করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় কোনো সময় এ ব্যাপারে তাঁদের সঙ্গে সমন্বয় করেনি। এর ফলে বাজারের বিভিন্ন চালের কলে চাষিরা কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
উপজেলা খাদ্য পরিদর্শক আবদুল খালেক কৃষি বিভাগের সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে জানান, এখানে অধিকাংশ কৃষকের টিনের গোলা না থাকায় ধানে আর্দ্রতা বেশি পাওয়া গেছে। তবে পরে চালের জন্য আসা বরাদ্দের টাকা দিয়ে পাঁচজন কৃষকের সাড়ে ১০ মেট্রিক টন ধান কেনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান বলেন, পরিকল্পিতভাবে যথাসময়ে কৃষকেরা যাতে সরকারি চাহিদা মোতাবেক ভবিষ্যতে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারেন সেই উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হবে, যাতে ভবিষ্যতে এমন না হয়।
এদিকে সরকারি দামের চেয়ে অনেক কম দামে বাজারে ধান বিক্রি করেছেন চাষিরা। ফলে অনেকে লোকসান দিয়েছেন।
পদুয়া তেওয়ারীহাটের একটি চালকলের মালিক নুরুল আলম জানান, তাঁরা প্রতি কেজি ধান ১৬ থেকে ১৭ টাকায় কিনেছেন।