যাত্রা হলো শুরুদক্ষিণ ক্যারোলাইনার আকাশে শেষ রাতের চাঁদটা তখন ক্লান্ত ভঙ্গিতে ঝুলে ছিল। গির্জার পেটানো ঘড়িতে পরপর তিনবার ঘণ্টা বাজে ঢং...ঢং...ঢং। মার্চের ২০, মঙ্গলবার রাত তিনটা। সুনসান নীরবতা চারপাশে। মিশা মারশাল তাঁর পিকআপ ভ্যানে তুলে নেন প্রয়োজনীয় সবকিছু। সবশেষে একটা খাঁচায় প্রিয় কুকুর গ্যানডালফকে তুলে বিদায় জানান স্বামী চাককে। চাক নিজে একজন অগ্নিনির্বাপণকর্মী, প্যারামেডিকও বটে। জীবনে বহু ঝড়-ঝঞ্ঝা দেখেছেন নিজের চোখে। মিশার এমন ছেলেমানুষি সিদ্ধান্তে মনে মনে একচোট হেসে নিয়েছিলেন তিনি। শখের বশে আর যা-ই হোক, অভিযান-তল্লাশি চলে না! কিন্তু কে শোনে কার কথা! মিশা নিজে একজন কর কর্মকর্তা। ছেলেবেলায় উত্তর ক্যারোলাইনার পাহাড়-পর্বতময় অ্যাশভিলে বেড়ে উঠেছেন। ছায়াসঙ্গী ছিল জার্মান শেফার্ড আর কোলির মতো তীক্ষ বুদ্ধিসম্পন্ন কুকুর। তাঁর এক ইশারায় উঠত-বসত সেই প্রাণীগুলো। পরিবারের বাকিরা হাঁ করে চেয়ে দেখত সেসব। মিশাও বেশ ভারিক্কি ভাব নিতেন, বলতেন, ‘এ আর এমন কী! এরা তো দুগ্ধপোষ্য, একটা বাঘ এনে দাও না, তাকেও কেমন নাকে দড়ি দিয়ে ঘুরাই!’ তাই মিশার মাথায় যে অনেক আগেই অভিযানের পোকাটা শক্ত আস্তানা গেড়েছিল, তা বোধহয় লেখা বাহুল্য। তবে বছর দুই আগে ছয় মাস বয়সী একটা কুকুর মিলে যাওয়ায় মিশার ছেলেবেলার স্বপ্নটায় দুটি ডানা গজায়। দিন যায়, আদরযত্নে বড় হয় কুকুরটা। মিশা তার নাম রাখেন গ্যানডালফ। আর মিশার স্বপ্নের ডানা দুটি হাওয়ায় ভাসে সেদিন, যেদিন শুনলেন ‘দিন তিনেক আগে দক্ষিণ ক্যারোলাইনার ব্লু রিজ পাহাড়ের পাদদেশে ডাউটন পার্ক অরণ্যে স্কাউট দলের ১২ বছরের মাইকেল অবেরি নামের এক বালক হারিয়ে গেছে। অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না তাকে!’ তাই বেশি কিছু না ভেবে আরও দুজন সঙ্গী আর প্রিয় গ্যানডালফকে নিয়ে বেরিয়ে পড়েন মিশা। যে করেই হোক, খুঁজে বের করতে হবে হারিয়ে যাওয়া বালককে।অরণ্যের বিভীষিকাপাহাড়ের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ডাউটন পার্ক নামের সেই অরণ্যের মধ্য দিয়ে বয়ে গেছে একাধিক খাঁড়ি, জলাশয়। তাই অধিকাংশ পথই চরম পিচ্ছিল, কোনো কোনো স্থানে জঙ্গলের ঠাস বুনট! আবার কোথাও কোথাও প্রায় আড়াই হাজার ফুট গভীর খাদ! শ্বাপদসংকুল বলতে যা বোঝায়, ডাউটন পার্কটা তা-ই। এমন বিরূপ পরিস্থিতিতেও থেমে থাকেনি তল্লাশি দল। এর মধ্যেই অরণ্যের ৩০ মাইল পথ চষে ফেলা শেষ। শুধু প্রথম দিন একটি চিপসের প্যাকেট বাদে তেমন কিছুই খুঁজে পায়নি কেউ। চিপসের প্যাকেটটা পাওয়া গিয়েছিল মাইকেলের ক্যাম্প থেকে খানিকটা পুবের রাস্তায়, যেদিকটায় অরণ্য আরও ঘন হয়েছে! চিপসের প্যাকেটের সূত্র ধরে একসময় মাইকেলের পায়ের ছাপ পেয়ে যায় তল্লাশি দল। খানিক এগোতেই প্রতারণা করে সেই ছাপ। ক্যাম্প থেকে সোয়া মাইল দূর পর্যন্ত ঠিকঠাক চললেও একটা খাঁড়ির মুখে এসে হাওয়ায় মিলিয়ে গেছে তা! হতাশ হয়ে পড়েন সবাই। এর মধ্যে কেটে যায় তিন তিনটি দিন। তিন দিন বাদে সূর্যটা কেবল ডুবেছে. এমন সময় কেউ একজন চেঁচিয়ে ওঠে, ‘হেই, দেখো, দেখো, খাঁড়ির উজানে ওটা কী!’ দৌড়ে আসে সবাই, তবে খাঁড়ি থেকে ১০০ হাত দূরে শুধু একটা কিট ব্যাগ দেখে হতাশাটা আরও বেড়ে যায় সবার। তবে কিট ব্যাগটা ছিল মাইকেলেরই। তাই সে রাতেই একটা হেলিকপ্টার নিয়ে জোর তল্লাশি শুরু হয়, বনের বাইরে জড়ো করা হয় বড় বড় গাড়ি। সেই গাড়িগুলোর হেডলাইট আর হেলিকপ্টারের সার্চলাইটে আলোকিত হয় পুরো অরণ্য। লাউড স্পিকারে ডাকা হয় হারিয়ে যাওয়া মাইকেলকে। কিন্তু সাড়া মেলে না তার! রাতটা এভাবে কেটে গেলেও পরের দিন ৫৬৬ জন উদ্ধারকর্মী ঢুকে পড়েন অরণ্যের আরও গভীরে। বাদ থাকে না একটা জায়গাও, জলে-জঙ্গলে, খাঁড়ির ঢালুতে, গাছের আড়ালে, এমনকি ঝরনার ভেতরের গুহাও চষে ফেলেন সবাই। আরও দুটি হতাশামাখা দিন শেষ হলে ক্লান্ত হয়ে পড়েন সবাই। আর কত!বাহাদুর গ্যানডালফআশার আলোটা যখন ক্রমেই নিভে আসছে, ঠিক তখনই হাজির মিশা আর তাঁর দল। মাইকেলের ছবিটা ভালো করে দেখে নেয় তারা। আর কিট ব্যাগে থাকা মাইকেলের একটা টি-শার্টের গন্ধ শুঁকে নেয় গ্যানডালফ। উদ্ধারকর্মীদের কাছ থেকে মানচিত্র আর একগাদা হতাশার বাণী শুনে বেরিয়ে পড়ে ছোট দলটা, সন্ধ্যাটা তখন রাতের দিকে ছুটছে। দিনের তাপমাত্রা ঠিকঠাক থাকলেও রাতে পারদের মাত্রাটা হু হু করে নেমে যায়! বিপদের ওপর মহাবিপদ! পায়ের ছাপ থেকে আরও দক্ষিণে ৭০ একর জায়গা চষে ফেলার সিদ্ধান্ত নেন মিশা। এর মধ্যে আছে হাজারো চড়াই-উতরাই। সবার মনেই সন্দেহ, বেঁচে আছে তো ছেলেটা? মিশা এমন অলক্ষুণে চিন্তাটা দূরে ঠেলে দেন, এগিয়ে চলেন সামনে। গ্যানডালফও শুঁকতে শুঁকতে ছুটতে থাকে বিরামহীন। এভাবে চলতে চলতে সমতল থেকে পাঁচ হাজার ৯০০ ফুট ওপরে উঠে যায় দলটা! ফেরার সময় হলেও আরও খানিকটা সামনে এগোনোর সিদ্ধান্ত নেয় সবাই। একটা খাঁড়ি পেরিয়ে পাথর আর বড় বড় গাছের গুঁড়ি ঠেলে সামনে এগোতে থাকে গুটি গুটি পায়ে। সবাই যখন চূড়ান্ত হতাশ, ঠিক সেই মুহূর্তেই ছটফট করতে থাকে গ্যানডালফ। একটা বুনো ঝোপের দিকে ছুটে যায় সে। মিশাও ছোটেন তার পেছনে। ঘেউ ঘেউ করে ডাকতে থাকে কুকুরটা, মিশার কাছে নতুন লাগে এই ঘেউ ঘেউ ডাকটা! তবে কি মাইকেলের দেখা পেয়েছে সে? ঝোপের ও-পাশে চোখ রাখতেই একটা লাল জ্যাকেট চোখে পড়ে মিশার। আনন্দে পানি এসে যায় তাঁর চোখে। ‘তুমি! তুমিই কি মাইকেল?’ টানা পাঁচ দিন লতাপাতা আর বরফের চাই থেকে পানি খেয়ে বেঁচে ছিল ছেলেটা। কোনোমতে চোখ মেলে তাকায় ও—‘হ্যাঁ, আমি মাইকেল!’ওয়েবসাইট অবলম্বনে মাহফুজ রহমান