
বইমেলায় একসময় যেতাম বাবার হাত ধরে। বাবা আগে কমিকসের স্টলে নিয়ে যেতেন। কমিকসের বইগুলো নেড়েচেড়ে দেখতাম। কেনা হতো না, দাম বেশি। শিশুদের নানান বইয়ের স্টলে বাবার হাত ধরে ঘুরতাম। শিশুদের বইগুলোর প্রচ্ছদ ছিল খুব লোভনীয়।
বাবা বলতেন, খোকা, জীবনে সব নিজের করে পেতে চাইবে না। কিছু কিছু জিনিস থাকবে সামর্থ্যের বাইরে, সেগুলো শুধু দেখেই খুশি থাকতে হবে। এ নিয়ে অভিযোগও করা যাবে না।
আমি বই নেড়েচেড়ে দেখে রেখে দিতাম। বাবাকে বলতাম, বাবা বইগুলো সুন্দর। কিন্তু আমি কিনব না। একদিন আমি নিজেই বই লিখব। আমার বই সবাই কিনবে। বাবা বলতেন, অবশ্যই লিখবে। তোমার বই সবার আগে আমি কিনব।
পরে বাবার সঙ্গে বাংলাবাজারে এসে ফুটপাত থেকে পুরাতন কমিকস কিনতাম। এসব নিয়ে কখনো দুঃখ হতো না।
এখন প্রতিবছর বইমেলায় আমার বই বের হয়। আমি স্টলে দাঁড়িয়ে পাঠকদের অটোগ্রাফ দিই খুব আগ্রহ নিয়ে। এ দৃশ্য বাবা দেখলে কী করতেন? হয়তো বলতেন, অ্যাই ছেলে, তুমি দেখি সত্যিই লেখক হয়ে গেছ! যাই হোক, একটা অটোগ্রাফ দাও তো। ছেলে বই লিখছে, অটোগ্রাফ না নিলে তো জিনিসটা খুবই খারাপ দেখা যায়।
বাবা আজ বেঁচে নেই। তিনি অনেক বছর আগেই মারা গেছেন। মেলায় শিশুদের বইয়ের স্টলগুলোর সামনে দিয়ে হাঁটার সময় একটু চমকে উঠি। বাচ্চার হাত ধরা চশমা পরা কোনো লোককে দেখলেই মনে হয়, ওই তো বাবা। বাবার ভারী ফ্রেমের চশমাটা আগের মতোই আছে। আচ্ছা, বাবার হাত ধরা সেই বাচ্চাটা কে? এটা কি আমি? তাহলে কি বাবা আর আমার কারোরই বয়স বাড়েনি? ওই তো বাচ্চাটার কপালে একটা তিল। আমারও কপালে তিল আছে। মানুষের বয়স বাড়ে, কপালের চামড়ায় ভাঁজ পড়ে, কপালের চমৎকার তিলটাকে কুৎসিত লাগে একসময়। কিন্তু বয়স বাড়ে না অনুভূতির। প্রতিবারই বইমেলায় বাবার সঙ্গে দেখা হয়। তিনি আমার দিকে তাকান না। গভীর মনোযোগে একটি বাচ্চার হাত ধরে রাখেন। সেই বাচ্চাটি কমিকসের বই নেড়েচেড়ে দেখতে থাকে। একসময় বলে, বাবা বইগুলো খুব সুন্দর। কিন্তু আমি কিনব না।
জন রাসেল
ঢাকা।