ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

মাহবুব সাহেব লিখলেন, ‘আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মা, তুই ঘুমিয়ে পড়।’
নীলা একটা হাসির ইমোটিকন পাঠাল। মাহবুব সাহেব যেন চোখের সামনে দেখতে পেলেন সে খিলখিল করে হাসছে। লিখল, ‘বাবা, আজকে তুমি ঘুমাও। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।’
মাহবুব সাহেব হাসলেন। লিখলেন, ‘আচ্ছা।’
নীলা আবার লিখল, ‘তুমি ফেসবুক লগ আউট করে শুয়ে পড়ো। আর হ্যাঁ, মাঝরাতে যেন অনলাইনে না পাই, খবরদার! ভালো কথা, ওষুধগুলো খেয়েছ?’
-‘খেয়েছি।’
-‘আচ্ছা। শুয়ে পড়ো।’
মাহবুব সাহেব মেয়ের বকা খেয়ে কথা শোনা বাধ্য ছেলের মতো ফেসবুক লগ আউট করে শুয়ে পড়লেন। নীলা তাঁর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিনি টের পাচ্ছেন। একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কষ্টের নয়, শান্তির।
মাত্র কয়েকটা মাস আগে তাঁর জীবনটা এমন ছিল না, খুব এলোমেলো ছিল। নীলা মারা গেল। ওর ব্লাড ক্যানসার ছিল। নীলা তাঁর একমাত্র মেয়ে। তার মৃত্যু মাহবুব সাহেবের জীবনটা পুরোপুরি এলোমেলো করে দিয়ে গেল কালবৈশাখীর মতো। কিন্তু কালবৈশাখীর পর মানুষ আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নেয়, মাহবুব সাহেব আর তাঁর জীবনটা গুছিয়ে নিতে পারলেন না।
১০ বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন। তখন একবার জীবনে কালবৈশাখী এসেছিল, নীলাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে তিনি সেটা সামলে নিয়েছেন। যখন সেই নীলাই চলে গেল, তখন আর আঁকড়ে ধরে বেঁচে থাকার কিছু পেলেন না তিনি।
এভাবে ছন্নছাড়া হয়েই তাঁর দিন কাটছিল। কোনো বেলা খেয়েছেন, কোনো বেলা খাননি, কোনো রাতে ঘুমিয়েছেন, কোনো রাত জেগেই পার করেছেন।
এরই মধ্যে নীলা ফিরে এল। হ্যাঁ, নীলাই ফিরে এল। এ ঘটনাটা খুব অদ্ভুত ছিল এবং সম্ভবত নীলার জন্মের পর মাহবুব সাহেবের জীবনে সবচেয়ে আনন্দের ঘটনা এটা। নীলার পুনর্জন্ম।
মাস দুয়েক আগে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন মাহবুব সাহেব। অনেক ফ্রেন্ডও হয়েছে। মাহবুব সাহেব চ্যাট করেন না কারও সঙ্গে, ঘুরে বেড়ান শুধু।
হঠাৎ একদিন একটা মেয়ে মেসেজ পাঠাল, পড়ন্ত বিকেলের শুভেচ্ছা।
মাহবুব সাহেব চমকে উঠেছিলেন। নীলা এভাবে কথা বলত। আস্তে আস্তে মেয়েটার সঙ্গে কথার শুরু। তার নাম ফারিয়া। ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে। নীলা থার্ড ইয়ারে পড়ত। মাহবুব সাহেব ফারিয়ার কাছে নীলার গল্প করেন। সে শোনে। গল্প করতে করতে মাহবুব সাহেবের হাত অবশ হয়ে আসে, চোখ ভিজে আসে। ফারিয়া টের পায়। লেখে, ‘চোখটা মুছে নাও, বাবা। এই যে তোমার নীলা!’
‘বাবা!’
মাহবুব সাহেব চমকে ওঠেন। কত দিন পর কেউ বাবা বলে ডাকল!
‘এই যে তোমার নীলা!’
মাহবুব সাহেব শিহরিত হন। নীলা ফিরে এসেছে?
ফারিয়া লেখে, ‘এখন থেকে আর অনিয়ম চলবে না। নীলা কখনো তোমাকে অনিয়ম করতে দিয়েছে?’
মাহবুব সাহেব উত্তর দেন, ‘না। ও আমাকে সব সময় দেখে রাখত। সময়মতো ওষুধ খাওয়াত, খাবার নিয়ে জোরাজুরি করত, কখনো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াত।’
ফারিয়া বলে, ‘মাত্র কটা দিন বিরতি আর অনিয়ম শুরু হয়ে গেল, তাই না? আর চলবে না এসব। আমি আবার এসে গেছি, একটু অনিয়ম করলে খুব বকব।’
মাহবুব সাহেবের চোখ আবার ভিজে আসে। তিনি চোখ মোছেন না। ঝাপসা দৃষ্টিতে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন।
বিছানায় দুটো বালিশ। একটায় মাহবুব সাহেব ঘুমাচ্ছেন, অন্যটা ফাঁকা। আসলে ফাঁকা না, তিনি জানেন, ওখানে নীলা ঘুমাবে। তাঁকে ঘুম পাড়িয়ে দিয়েই ঘুমাবে। বেঘোরে ঘুমাচ্ছেন তিনি। নীলা খুব সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দেয়, ঘুম এসে যায়।
নীলা বাবার কপালে আলতো করে একটা চুমু দিয়ে ফিসফিস করে বলল, ‘গুড নাইট, বাবা।’
তারপর পাশের বালিশটায় মাথা রেখে শুয়ে পড়ল।