ফেরা হয় না
অনেক বছর পর ও ফিরে এসেছে। তাই মনে একটা প্রশান্তি অনুভব করছি। আমাদের দুই ছেলেমেয়েকে নিয়ে বেড়াতে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। বড় বড় গাছের ছায়ায় নতুন মাইক্রোবাসটি পার্ক করে নামলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে মেয়েটিকে নিয়ে এক জায়গায় বসলাম। বাপ-বেটা একসঙ্গে হেঁটে এগিয়ে আসছে আমাদের দিকে। পরিপাটি বেশভূষার ব্যস্ত কর্মোদ্যমী সেই মানুষটি যেন আগের মতোই আছে। কাছাকাছি আসতেই আমি বললাম, ‘দেখো, তোমার সেই ছোট্ট ছেলেটা তোমার চেয়ে লম্বা হয়েছে।’ মুচকি হেসে যেন সায় দিল ও।বাসায় ফিরছি। গাড়িচালকের পাশের আসনে আছি আমি। কত দিন গাড়ির যাত্রী হইনি তাই ভাবছি আনমনে। গৌরী আর ছোটকে নিয়ে ও পেছনের আসনে বসে খোশগল্প করছে। কত বছর পর ওরা একত্র হয়ে আনন্দের বন্যায় ভাসছে। হঠা ৎ ও বলে উঠল, ‘কিরে তোর আম্মুকে সামনে বসতে দেওয়ায় কি ওর মন খারাপ?’ মেয়েটার এই এক গুণ, আমার মুখ দেখেই মনের ভেতরটা বুঝতে পারে। সে বলে উঠল, ‘তুমি কি জানো, মা যে আর পাশের আসনে বসতেই পারে না, বসে চালকের আসনে।’ অবাক হয়ে তাকায় ও মেয়ের দিকে, ‘বলে কী!’ ‘হ্যাঁ, আম্মু যে কি কষ্ট করে জানো, ঘর মোছা থেকে শুরু করে গাড়ি চালানো, তারপর বুঝই তো সেই পুরোনো গাড়ি, দুদিন পর পর গ্যারেজে দৌড়ানো, তুমি ছিলে না বলেই তো...।’ কিছুটা আবেগতাড়িত মেয়েটা। বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলল, ‘এই গাড়ি তো নতুন, আর অত কষ্ট হবে না তোমাদের মায়ের।’বাড়ি ফিরে ও আবার ব্যস্ত হয়ে পড়ল। বাজারের ব্যাগ খোঁজাখুঁজি। প্রচুর কেনাকাটা করবে। এক ফাঁকে, ‘আমি ওখানটায় বেশ ভালো আছি।’ বুঝলাম ও ফিরে যাওয়ার কথাই বলছে। কান্না চেপে রেখে বললাম, ‘তুমি তো বুঝলে না একা থাকার এ কি যন্ত্রণা।’ ঘুমটা ভেঙে গেল। এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম শুধু। ১১ বছর আগে যে মানুষটি না ফেরার দেশে গেলেন। হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটিকে এভাবেই পেলাম স্বপ্নে। যে রাতে ওকে দেখি-সেদিনটা আমার খুব প্রশান্তিতে কাটে।কাজী মার্জিয়াউত্তরা, ঢাকা।