ফেরিওয়ালা
পথে যেতে যেতে অপূর্ণতার খোঁজ যদি বা মেলে তা-কি ‘প্রথম দেখা’র মুগ্ধতায়। নাকি মুগ্ধতা—‘প্রথম দেখা’ কোনো ছবি, কবিতার চরণ কিংবা শিশুর হাসি? যদি বলি ভোরের আলোয় শিশিরের নিঃসংকোচ সমর্পণ সে তো প্রথম দেখাতেই। মেঘের জলে মৃত্তিকার বুক ভেজানো তৃপ্তি সেকি ‘প্রথম দেখা’তে নয়?
জীবনে যে অপূর্ণতা সে তো প্রথম দেখা কোনো শূন্যতা বোধেরই কাব্য। ভালোবাসার যে কাব্যিক চরণ সেখানেও তো প্রথম দেখারই অনুভূতি। বাসস্টপে, ক্লাসে, কিশোরের ঘুড়ির ডোরে, শরৎ মেঘে কিংবা হেমন্তের ফসলে খুঁজে বেড়ানোর যে অস্থিরতা সে তো প্রথম দেখার ভালোলাগাকেই।
প্রথম দেখা মায়ের কোলে শিশুর আলিঙ্গন—বন্ধনের ভিন্নতায় অযুত স্পর্শী আলোকিত যা। নাকি প্রথম দেখা বৈশাখী মেলার অচেনা তরুণীর মিষ্টি হাসির অপার্থিব সুন্দরম। প্রথম দেখা ছুটে চলা ট্রেনে আকাশ দেখা কোনো যুবতীর এলো চুলের মন ভাবনার একটুখানি বিষণ্ন বদন। কখনো গাঙচিল, ধুলোয় লুটোপুটি খাওয়া শিশু, ভোরের শিশির কিংবা সূর্যাস্ত দিগন্তের দুরন্ত মাঠ। সেকি সমুদ্রের ওপারের সূর্য ডোবা নাকি শিশির ভেজা কোনো শিউলি ফুলের অনুরাগ।
প্রথম দেখা স্বপ্নের আকাঙ্ক্ষায় অতৃপ্তির বাসনা ছড়িয়ে থাকা চিড় ধরা কোনো দেয়াল? অথবা ঘোমটা টানা লাজনম্র কিশোরী বধূর অজানা স্বপ্নের হাতছানি!
প্রশ্ন! প্রথম দেখা শব্দটা কি কাব্যিক? যেখানে কবিতার ছন্দ মেলে। ঝর্ণার জলতরঙ্গে লুটুপুটি খেলে, হাসিতে হাসিতে পাথরের গায়ে ভালোবাসার কাঁপন জাগায়।
নাকি প্রথম দেখা শব্দটা গদ্যময়!—চলে জীবনের বাঁকে বাঁকে বহতা নদীর মতো অবিরাম অজানায় অন্বেষায়। কোথায় দেখেছি তাকে—প্রথম দেখা শব্দটাকে।
বুঝতে পারিনি। পারে কেউ। হয়তো নিয়তই প্রথম দেখা শূন্যতা রোধের ফেরিওয়ালা।