ফেরেনি শিক্ষার স্বাভাবিক পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষ  প্রথম আলো
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষ প্রথম আলো

সাতকানিয়া উপজেলায় ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ও ভাঙচুর হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার স্বাভাবিক পরিবেশ এখনো পুরোপুরি ফিরে আসেনি। বিদ্যালয় ভবনগুলোতে কিছু ধোয়ামোছার কাজ চললেও ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও আসবাব মেরামতের ব্যবস্থা এখনো হয়নি।
শিক্ষকেরা জানান, পুড়ে যাওয়া ও ভাঙচুর হওয়া বেঞ্চ, চেয়ার-টেবিল ও শ্রেণীকক্ষ মেরামত না হওয়ায় শিক্ষার্থীদের পাঠ দেওয়া-নেওয়া ব্যাহত হচ্ছে। এতে দুশ্চিন্তায় আছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাই।
১৬ জানুয়ারি সরেজমিন এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পুড়ে যাওয়া ও ভাঙচুর হওয়া বই, আলমারি, বেঞ্চ, আসবাব ও অন্যান্য সরঞ্জাম এখনো পড়ে আছে বিদ্যালয় ভবনের সামনে।
এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে নবম ও দশম শ্রেণীর কিছুসংখ্যক শিক্ষার্থী বেঞ্চে গাদাগাদি করে বসে আর কিছুসংখ্যক দাঁড়িয়ে পাঠ নিচ্ছিল। একইভাবে পাশের কক্ষে পাঠ নিচ্ছিল ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রীরা। এভাবে গাদাগাদি করে বসা ও দাঁড়িয়ে থাকার কারণে শিক্ষকের প্রয়োজনীয় নির্দেশনা লিখে নিতে সমস্যা হচ্ছিল তাদের।
দশম শ্রেণীর ছাত্রী তাসমিন আকতার বলল, ‘বিদ্যালয়ে আগুন দেওয়ার কারণে আমাদের চরম ক্ষতি হয়েছে। দাঁড়িয়ে ও গাদাগাদি করে বসে একই কক্ষে দুই শ্রেণীর ক্লাস করতে হওয়ায় আমরা পাঠে মনোযোগী হতে পারছি না।’
একটি পুড়ে যাওয়া খোলা কক্ষে হতাশ মনে বসে ছিলেন প্রধান শিক্ষক শিরিন আকতারসহ কয়েকজন শিক্ষক। বিদ্যালয়ে পড়ালেখার পরিবেশ কেমন জানতে চাইলে শিরিন আকতার বলেন, ‘নির্বাচনের আগের রাতে দুর্বৃত্তরা আমাদের বিদ্যালয়ের পাঁচটি কক্ষে আগুন দেয়। এতে পুড়ে গেছে কম্পিউটার, প্রজেক্টর, বেঞ্চ, চেয়ার-টেবিলসহ আসবাব ও প্রয়োজনীয় নথিপত্র। তাই দুই শ্রেণীর ক্লাস একই কক্ষে নিতে হচ্ছে।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, আগুনে সরঞ্জাম পুড়ে যাওয়ায় বিজ্ঞানের ছাত্রীদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ হোসেন দুর্বৃত্তরা সবাই ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিদ্যালয়ে কারা এবং কেন আগুন দিয়েছে তা সবারই জানা।’
ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমার বিদ্যালয়ে পুড়ে যাওয়া লেখার বোর্ডসহ অবকাঠামো এবং ভাঙচুর হওয়া আসবাব এখনো মেরামত বা জোগাড় করা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব পড়ালেখা করার মতো অবস্থা ফিরিয়ে আনতে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল বলেন, ‘ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন ও তালিকা তৈরি করে জেলা কার্যালয়ে পাঠিয়েছি। আশা করি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, ‘নির্বাচন প্রতিহত করার নামে জামায়াত-শিবিরের কর্মীরা আগুন দিয়ে উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি করেছে। চেষ্টা চালাচ্ছি, যাতে বিদ্যালয়গুলোয় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়।’