ফেল করলেও আছে সুযোগ
এইচএসসি ফেল করলেই কি জীবনের সব শেষ হয়ে গেল? মোটেও তা নয়। নতুন করে আবার শুরু করতে ক্ষতি কী। ফেল করার পর নিজ কলেজে আবার লেখাপড়া করতে যদি সমস্যা মনে হয়, তাহলেশুরু করা যেতে পারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। রাজিয়া পারভীনের কথাই ধরা যাক। রাজিয়া ঢাকার মেয়ে, বিবাহিত। পড়ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামে। তিনি বলেন, ‘বিয়ের কারণে লেখাপড়ায় বিরতি দিতে হয়। এক বছর বিরতি দিয়ে বাউবিতে এইচএসসিতে ভর্তি হয়েছি। সংসার সামলে দিব্যি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।’বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন যেকোনো বয়সের নারী-পুরুষ। তবে শিক্ষার্থীকে এসএসসি পাস হতে হবে। শুক্রবার ক্লাস হয়, তাই চাকরিজীবীরাও ভর্তি হতে পারেন বাউবির এইচএসসি প্রোগ্রামে। চাকরিজীবী, বিবাহিত, অকৃতকার্য হওয়া এবং বিভিন্ন কারণে অনিয়মিত হওয়া ছেলেমেয়েরা এখানে বেশি পড়তে আসেন। এমনটাই বলেন ঢাকা কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন তালুকদার। ২০১০ সালের ভর্তির জন্য ফরম বিতরণ শুরু হবে এ বছরের শেষ দিকে। জমা দেওয়া ফরমগুলো যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয় এবং তাপর শুরু হয় ভর্তির কার্যক্রম। খরচ: বাউবিতে পড়াশোনার খরচ খুব একটা বেশি নয়। এইচএসসিতে প্রথম বর্ষে প্রতি কোর্সে খরচ পড়বে ৩৯০ টাকা। প্রাকটিক্যাল কোর্স হলে অতিরিক্ত আরও ১০০ টাকা দিতে হয় কোর্স-প্রতি। প্রথম বর্ষে মূল কোর্স পাঁচটি এবং চতুর্থ বিষয় থাকে একটি। দ্বিতীয় বর্ষের খরচও প্রথম বর্ষের অনুরূপ। পড়াশোনা ও পরীক্ষা পদ্ধতি: বাউবির কার্যক্রম মূলত দূরশিক্ষণভিত্তিক। এখানে ভর্তির পর শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দেওয়া হয়। এইচএসসি প্রোগ্রামে পাঠদান করা হয় বর্ষ অনুযায়ী। প্রতি বর্ষে ছয়টি করে কোর্স পড়তে হয়। এবং বছর শেষে চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। দুই বর্ষের পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল গ্রেডে প্রকাশ করা হয়। প্রতি বর্ষে ১০ মাসে মোট ২০টি ক্লাস হয়। ঢাকা কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আসলে বইগুলো এমনভাবে লেখা যে শিক্ষার্থী নিজে পড়েই সব বুঝতে পারেন। তাই ২০টি ক্লাসেই আমরা কোর্স শেষ করতে পারি। কোনো শিক্ষার্থী কোনো বর্ষে, কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী সময় সে বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।’ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত হলেও সারা দেশে ১২টি বড় শহরে রয়েছে ১২টি আঞ্চলিক কেন্দ্র। এখান থেকে আপনি জেনে নিতে পারেন বিস্তারিত তথ্য। যোগাযোগ: ঢাকা আঞ্চলিক কেন্দ্র: ৪/ক গভ. ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯৬৭৩৬৬৯। চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র: সিআরবি রোড, স্টেডিয়ামসংলগ্ন, চট্টগ্রাম। ফোন: ০৩১-৬১৯৬৩৩৩। সিলেট আঞ্চলিক কেন্দ্র: পিরিজপুর, দক্ষিণ সুরমা, সিলেট। ফোন: ০৮২১-৭১৯৫২৩। বরিশাল আঞ্চলিক কেন্দ্র: হাউজিং এস্টেট, রূপাতলী, বরিশাল। ফোন: ০৪৩১-২১৭৬২৮২। খুলনা আঞ্চলিক কেন্দ্র: রৌশনীবাগ (খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে), খুলনা। ফোন: ০৪১-৭৩১৭৯৫। রংপুর আঞ্চলিক কেন্দ্র: আর কে রোড, রংপুর। ফোন: ০৫২১-৬৩৫৯৩। রাজশাহী আঞ্চলিক কেন্দ্র: নওহাটা, পবা, রাজশাহী। ফোন: ০৭২১-৮০০০০৮। যশোর আঞ্চলিক কেন্দ্র: উপশহর, (বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে) যশোর। ফোন: ০৪২১-৬৮৫২৬। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র: মাসকান্দা, ময়মনসিংহ। ফোন: ০৯১-৬৫২৯৮। বগুড়া আঞ্চলিক কেন্দ্র: বিশ্বরোড, বনানী, বগুড়া। ফোন: ০৫১-৬২৭৯৪। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র: হাড়োকান্দি (নদী গবেষণার বিপরীতে), ফরিদপুর। ফোন: ০৬৩১-৬২০৮১। কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র: ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোড, নোয়াপাড়া, দুর্গাপুর, কুমিল্লা। ফোন: ০৮১-৭৭৫৫৭