ফেলনা কিন্তু ফেলনা নয়
কাটাকুটি করা সবজি বা ফলের খোসা ও চা-পাতার মতো আবর্জনা দিয়ে কি ভরে যাচ্ছে ময়লার ঝুড়িটা? রাস্তার পাশের ডাস্টবিনেও এমন উপচে পড়া ময়লা-আবর্জনায় দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ? এই আবর্জনা থেকে তৈরি সারই পুষ্টি জোগাবে আপনার ঘরের গাছগুলোকে? সাধারণত বাইরে থেকে কেনা সারে রাসায়নিক পদার্থ দেওয়া হয়৷ যে কারণে তা সাময়িকভাবে গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করলেও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। ফলমূল আর শাকসবজির উচ্ছিষ্ট থেকে তৈরি সার গাছে পুষ্টি জোগানোর পাশাপাশি পরিবেশকে নিরাপদ রাখতে সহায়তা করে বলে জানালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির শিক্ষক নিপা মোনালিসা৷

চা-পাতা: চা বানানোর পর ফেলে দেওয়া পাতা যেকোনো ধরনের গাছের জন্য উৎকৃষ্ট সার৷ এই চা-পাতায় বেশ খানিকটা নাইট্রোজেন অবশিষ্ট থাকে৷ অল্প পরিমাণে থাকে পটাশিয়াম৷ এই উপাদানগুলো গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে৷ এ জন্য চা-পাতা ব্যবহারের পর তা টবে দিয়ে দিন৷ সরাসরি মাটির ওপরে না দিয়ে মাটি খুঁড়ে তার নিচে দিলে ভালো ফল পাবেন। টবে চা-পাতা প্রতিদিন দিতে হবে না, ১৫ দিন পরপর দিলেই চলবে৷

ডিমের খোসা: ডিমের খোসায় আছে ১ শতাংশ নাইট্রোজেন, দশমিক ৫ শতাংশ ফসফরিক অ্যাসিড ও ক্যালসিয়াম৷ অর্থাৎ মাটির পুষ্টির জন্য যেসব উপাদান প্রয়োজন, তার অনেকটুকুই ডিমের খোসায় পাওয়া যায়৷ গাছের বৃদ্ধির পাশাপাশি বিন্যাসেও সাহায্য করে ডিমের খোসা৷ ডিমের খোসা গাছে দেওয়ার আগে তা ব্লেন্ডারে ভালো করে গুঁড়া করে নিন৷ এরপর মাটি খুঁড়ে তার মধ্যে মিশিয়ে দিন৷

কলার খোসা: ফুলের গাছের বৃদ্ধির জন্য কলার খোসা বেশ কাজে দেয়৷ আলাদা কোনো পাত্রে মাটি খুঁড়ে তার ভেতরে তিন থেকে পাঁচ দিন কলার খোসা রেখে দিন৷ খোসাটা একটু পচে গেলে সেটা মাটিসহ ফুল গাছের টবে ছড়িয়ে দিন৷

শাকের শিকড়: কলার খোসার মতো মাটির নিচে শাকসবজির শিকড়-পাতা পুঁতে রাখুন৷ একটু পচে গেলে তা গাছের গোড়ায় দিলে ভালো ফল পাবেন৷
তবে যেসব ফলের খোসায় সাইট্রিক অ্যাসিডের পরিমাণ বেশি, সেসব গাছে না দেওয়াই ভালো৷ যেমন: লেবুর খোসা, আমড়ার খোসা ইত্যাদি৷ এ ছাড়া অনেকেই শুকনো পাউরুটি, বিস্কুটের গুঁড়া বা মাছের আঁশ গাছের গোড়ায় দেন৷ এটা মোটেও ঠিক নয়৷