ফেলনা জিনিসের পুতুলনাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন পুতুলনাচ চট্টগ্রামের দর্শকেরা আগে দেখেননি এটা নিশ্চিত করেই বলা যায়। ইতালির শিল্পী আলেসান্দ্রে মারিয়া তরবোলির অভিনব ভাবনার ফসল বলা যায় একে। ডাস্টবিনে ফেলে দেওয়া ফেলনা জিনিস দিয়ে তিনি তৈরি করেছেন পুতুল। মঞ্চে সে পুতুল নিয়ে করেছেন জমজমাট নাচ-গানের আসর। ময়লা আবর্জনাকে পুনরায় ব্যবহারের উপযোগী (রিসাইকেল) করে তোলার মাধ্যমেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। সচেতন না হলে বিপর্যয় আসন্ন। অন্য রকম এই পুতুলনাচের মূল কথা ছিল এটাই।‘দ্য নাইসেস্ট বিন’ অর্থাৎ ‘সবচেয়ে সুন্দর ডাস্টবিন’ শিরোনামে এই পুতুলনাচ ১১ ও ১২ মার্চ নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সামুয়েল বার্থে ১১ মার্চ সন্ধ্যা সাতটায় এই আয়োজনের উদ্বোধন করেন।ডাস্টবিনে ফেলে দেওয়া টিনের কৌটা, কোমল পানীয়ের বোতলসহ নানা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে পুতুল। প্রচলিত উপকরণ ব্যবহার না করায় পুতুলের চেহারায় বৈচিত্র্য এসেছে। দর্শকেরাও বিষয়টি উপভোগ করেছেন। ৪০ মিনিটের এই আয়োজনে শিল্পী তরবোলি মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন দর্শককে। তিনি কখনো সং সেজেছেন, আবার কখনো অপেরা গানের সঙ্গে নেচেছেন। নাচিয়েছেন তাঁর তৈরি পুতুলগুলোকেও। তাঁকে সহযোগিতা করেছেন শিল্পী আরভে ভিতাল।দুই দিন ধরে চলা এই পুতুলনাচের আসর ছিল দর্শকে ঠাসা। ভাষাগত ব্যবধান কোনো বাধা হয়ে দাঁড়ায়নি দর্শকের সামনে। সব শ্রেণীর দর্শক সমানভাবে উপভোগ করেছেন ভিন্ন ধরনের এই পুতুলনাচ। তবে বেশি উপভোগ করেছে শিশু দর্শকেরা।