ফেলনা দিয়েই সুন্দর
কোনো কিছুই ফেলনা নয়। বাজার থেকে কিনে আনা খাবারের ফেলে দেওয়া অংশ দিয়েও রূপচর্চা করা সম্ভব। বিচি ও খোসা ময়লার ঝুড়িতে দেওয়ার আগে একবার ভেবে নিন, এটাকে কোনো কাজে লাগানো যায় কি না। এই জিনিসগুলো দিয়ে কীভাবে ত্বক আরও আকর্ষণীয় করা সম্ভব, তা জানাচ্ছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।সৌন্দর্য ধরে রাখার জন্য সব সময়ই যে দামি জিনিস প্রয়োজন, তা কিন্তু নয়। কিছু জিনিস একটু নিয়ম মেনে ব্যবহার করলেই আপনার ত্বক হয়ে উঠবে আরও সুন্দর ও আকর্ষণীয়। কমলার খোসা শুষ্ক ও কুঁচকে যাওয়া ত্বকের জন্য খুবই উপকারী। এ জন্য কমলার খোসার সঙ্গে মসুর ডাল ও হলুদ বাটা মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে পানি দিয়ে হালকা ম্যাসাজ করে তুলে ফেলুন। এতে একধরনের ঔজ্জ্বল্য চলে আসবে ত্বকে। পাশাপাশি ত্বক টানটান হবে অনেকটা। লেবুর খোসাও কিন্তু একইভাবে কাজ করবে। ব্রণ দূর করবে। তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব দূর করবে লেবুর খোসা। এ জন্য লেবুর খোসা ও শসা একসঙ্গে ব্লেন্ড করে মুখে লাগাতে পারেন। শুকিয়ে গেলে হালকাভাবে ধুয়ে ফেলুন। ব্যবহার করার পর লেবুর খোসা ফেলে না দিয়ে এর মধ্যে একটুখানি মধু নিয়ে কনুইয়ে ঘষুন। দেখবেন, কনুইয়ের কালো ছোপ চলে যাবে নিমেষেই। তরমুজ খাওয়ার পর এর খোসা ফেলে না দিয়ে সাদা অংশটুকু নিন। এবার এটুকু ব্লেন্ড করে ত্বকে লাগান। দেখবেন, ত্বকের পানিশূন্যতা দূর হবে এবং আপনি একটা ঠান্ডা অনুভূতি পাবেন। মুখে দাগ? পাকা কলার খোসার সঙ্গে একটু মুলতানি মাটি, কয়েক ফোঁটা কমলার রস ও শসার রস মিশিয়ে মুখে লাগান। দাগ পালানোর পথ পাবে না। শসার বিচি ত্বককে খুব গভীরভাবে পরিষ্কার করে। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে শসার বিচি হালকা ভেঙে নিয়ে তার সঙ্গে ওটমিল মিলিয়ে নিলে ভালো স্ক্র্যাবারের কাজ করবে। আর যদি আপনার ত্বক হয় শুষ্ক, সে ক্ষেত্রে শসার বিচির সঙ্গে দুধের সর ও ডিমের সাদা অংশ মিশিয়ে ব্যবহার করে দেখতে পারেন। চালের গুঁড়া চেলে নেওয়ার পর চালনাটুকু তো ফেলেই দেন। এবার এটাকেও কাজে লাগাতে পারেন। চালের গুঁড়ার এই অংশটুকু ভালো কাজ করে স্ক্র্যাবার হিসেবে। এর সঙ্গে একটু টকদই, কাঁচা হলুদ, দুধের সর ও গাজরের রস মিশিয়ে নিন। দেখবেন, ত্বক পরিষ্কারের পাশাপাশি আরও উজ্জ্বল হবে। দুধ নষ্ট হয়ে গেছে? এবার এটার সঙ্গে একটু কমলার রস ও একটুখানি মধু মিশিয়ে নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। মিশ্র ত্বকের জন্য খুব ভালো কাজ করবে এই মিশ্রণ।