ফেলে আসা দিন

তিন সন্তানের দরিদ্র পরিবারের একমাত্র কর্মজীবী আমার বাবা। তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অকালে বিদায় নিলে কঠিন বাস্তবতার মুখে পড়তে হয় আমার মাকে। বড় ভাই পঞ্চম শ্রেণিতে পড়ছে, আমি তখন প্রথম শ্রেণির ছাত্র। ছোট ভাইটি হাঁটি হাঁটি পা পা। সালটা ১৯৭৭ কি ১৯৭৮।
প্রচণ্ড অভাব-অনটনে পড়ে আমাদের পরিবারটি। বড় ভাইকে পাঠিয়ে দেওয়া হয় বৌদ্ধবিহারে পড়াশোনা করতে। মাকে সহযোগিতা করতে ছিলাম শুধু আমিই। মহিলাদের দৈনিক কাজের পারিশ্রমিক এমনিতেই পুরুষের চেয়ে অনেক কম সে সময়ে। জমিতে কোনো কাজ না থাকলে মা বন থেকে কাঠ খুঁজে আনতেন। জ্বালানি কাঠ তৈরি করে রাখতেন বিক্রির জন্য। স্কুল ছুটির পর প্রায় আধা কিলোমিটার দূরের বাজারে বিক্রি করতে নিয়ে যেতাম। প্রতি আঁটি তিন টাকা। প্রতিদিনের নয় টাকা উপার্জনে কোনোরকমে টেনেটুনে সংসার চালাতেন আমার মা। যদি বিক্রি না হয় কিংবা রাত সাত-আটটার পর বিক্রি হলে টেনশনে মায়ের কী অবস্থা, আজ ভাবলে প্রয়াত মায়ের কষ্ট কেমন ছিল বুঝতে পারি! চতুর্থ শ্রেণি পর্যন্ত কটা বাংলা আর ইংরেজি বর্ণমালা ছিল জানতাম না, এমনকি অনেক বর্ণ পর্যন্ত। মাকে সাহায্য করতে গিয়ে এবং খেলাধুলার পর ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে কোনো পড়াশোনাই হতো না। প্রতিবছর বার্ষিক পরীক্ষার শেষে মা প্রধান শিক্ষককে অনুরোধ করে আমাকে পরবর্তী ক্লাসে উঠিয়ে দিয়ে আসতেন। মায়ের সঙ্গে সঙ্গে আমিও যেতাম। প্রধান শিক্ষকের নানা অভিযোগ শুনে মা স্কুল থেকে বের হয়েই পিটুনি দিয়েছেন মনে পড়ে। অথচ পরিবারে তখন দুপুরের চাল আছে তো রাতের চাল নেই!
তৃতীয় শ্রেণিতে গণিত পড়াতেন ইউনুস স্যার। স্যারের হাতের লেখা এত সুন্দর ছিল, এখনো চোখে ভাসে। গ্রামের স্কুল। অতটা বাঁধাধরা নিয়ম ছিল না। তখনকার সময়ে স্যাররা পেটাতেন প্রচণ্ড।
আমার স্মৃতিতে ভাসে, ইউনুস স্যার ছিলেন সেরা ‘পিটুনিবিদ’। একদিন গণিত পড়া নিচ্ছেন, ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা। স্বাভাবিকভাবেই আমি সবার শেষের সারিতে। শেষে থাকলে বেঁচে যাই অনেক সময়। সবশেষে ইউনুস স্যার জিজ্ঞেস করলেন, ‘বল, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত?’ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। রেগে যাচ্ছেন স্যার। আবারও জিজ্ঞেস করলেন, ‘দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?’ ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা ‘শব্দ’ পর্যন্ত মনে নেই, মান তো দূরে থাকুক! শাস্তি হিসেবে স্যার টেবিলের নিচে মাথা ঢোকাতে বললেন—তখনকার শাস্তি প্রদানের সাধারণ নিয়ম। তারপর, শুরু করলেন বেত্রাঘাত। সঙ্গে মাথা গরম করা হিতোপদেশ।
ব্যথায় চোখের নোনা জলে ভিজে যাচ্ছে স্কুলের মাটির মেেঝ। আর ‘ও মা রে, ও মা রে’ বলে চিৎকার করছি, মায়ের সাহায্য পাওয়ার আশায়।
এমন অনেক কত কষ্টে ভরে আছে এই বুক। এখনো প্রবাসে সেসব দিনের কথা মনে পড়ে। আহা রে!
রতন জ্যোতি
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে।