হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ফেলোশিপ দেওয়া হচ্ছে।এ প্রতিষ্ঠানটি সরকারের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর ১৮ সদস্যের পরিচালনা পর্ষদের প্রধান সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। সরকারের রাজস্ব বাজেটের অনুদানে এ প্রতিষ্ঠান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের আবাসন সমস্যা নিয়ে নানা ধরনের গবেষণা চালিয়ে আসছে। এর পরও এই প্রতিষ্ঠানটি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রগুলোতে ভবনবিষয়ক উপদেশমূলক কার্যক্রম, ল্যাবরেটরি টেস্টিং ও পরিকল্পনা প্রদান করে থাকে। জাতীয় পর্যায়ে এটিই একমাত্র প্রতিষ্ঠান যেটি আবাসন সমস্যা, নির্মাণসামগ্রীর উদ্ভাবন, প্রযুক্তি ও পরিকল্পনা বিষয়ে গবেষণা করে থাকে। এই প্রতিষ্ঠানে ১৫৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যাঁদের মধ্যে ৩৩ জন গবেষণা কর্মকর্তা। প্রতিষ্ঠানের সব গবেষণা ও উন্নয়নমূলক কাজ চারটি বিভাগ ও চারটি শাখার মাধ্যমে হয়ে থাকে। বিভাগগুলো হলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, বিল্ডিং ম্যাটেরিয়াল, সয়েল মেকানিকস অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ও হাউজিং ডিভিশন। আর এই প্রতিষ্ঠানের চারটি শাখা হলো এক্সটেনশন অ্যান্ড ডেসিমিনেশন উইং, ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অ্যাকাউন্টস ও ট্রেনিং। প্রতিষ্ঠানের পরিচালক মাইনুদ্দীন আহমেদ জানান, সব বিভাগে একজন করে ফেলো নিয়োগ করা হয়ে থাকে। চলতিবছরের জন্য ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩১ আগস্টের মধ্যে ফেলোশিপের জন্য আবেদন করতে হবে।কাজ: প্রতিটি ডিভিশনে একজন করে ফেলোকে প্রতিবছর এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। ফেলোদের কাজের ওপর নির্ভর করে তাঁর চুক্তি নবায়ন করা যেতে পারে। ফেলো হিসেবে তাঁদের মূল কাজ হলো সংশ্লিষ্ট বিষয়গুলোতে গবেষণা চালিয়ে যাওয়া। তাঁদের গবেষণার ওপরই ভিত্তি করে তাঁদের সঙ্গে চুক্তি নবায়ন করা যেতে পারে বলে অভিমত দেন মাইনুদ্দীন আহমেদ।নিয়োগ: ফেলো নিয়োগের ক্ষেত্রে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের একটি কারিগরি কমিটি রয়েছে, যার মোট সদস্য পাঁচজন। এর মধ্যে দুজন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (পুরকৌশল ও স্থাপত্য বিভাগ); একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং অন্যজন সিনিয়র প্রিন্সিপাল রিসার্চার। এই কমিটিই মূলত ফেলোদের নিয়োগ করে থাকে। বেতন-ভাতা: জনপ্রতি সবকিছু মিলিয়ে ১২ হাজার টাকা করে প্রত্যেক ফেলোকে প্রদান করা হবে। এর বাইরে তেমন কোনো সুযোগ-সুবিধা নেই বলে অভিমত দেন মাইনুদ্দীন আহমেদ। বয়স: এই ফেলোশিপের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে পারে সর্বোচ্চ ৩০ বছর। তবে রিসার্চ ফেলোশিপ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৩০ বছর বা এর কম হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর সব পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে কমপক্ষে ৪ অথবা জিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে। ফেলোশিপ প্রাপ্তিতে আগ্রহী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বিষয় নির্ভর করে সাধারণত কোন বিভাগে ফেলো নিয়োগ করা হবে তার ওপর। গবেষণা অভিজ্ঞতা: ফেলোশিপ প্রাপ্তিতে আগ্রহী প্রার্থীর যদি আগে কোনো গবেষণাকাজের অভিজ্ঞতা থাকে অথবা তিনি যদি কোনো থিসিস গ্রুপের প্রার্থী হয়ে থাকেন, তবে তাঁকে ফেলো নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। আবেদনপদ্ধতি: ফেলোশিপের আবেদনের জন্য প্রার্থী হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন অথবা নিজ ঠিকানা ও প্রয়োজনীয় ডাকটিকিট লাগানো খাম ‘পরিচালক, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ১২০/৩ দারুস-সালাম, মিরপুর, ঢাকা-১২১৬’ এই ঠিকানায় প্রেরণ করে নির্দিষ্ট ফেলোশিপের জন্য আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা যেতে পারে। ঠিকানা: পরিচালক, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, দারুসসালাম, মিরপুর, ঢাকা-১২১৬। ফ্যাক্স: ৮০৬০৭৭৩, ফোন: ৮০৬০৯৮৯, ই-মেইল: [email protected], ওয়েবসাইট: www.hbri.gov.bd।যা যা লাগবে: আবেদনের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, সব পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি সংযোজন করতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের মধ্যে পৌঁছাতে হবে। ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।